|
|
দেড় হাজারেরও বেশি সংশোধনী নাকচ
সংসদ রিপোর্টার : বিএনপিসহ বিরোধীদলীয় জোটের আপত্তির মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির ১৩ জন ও স্বতন্ত্র একজনসহ মোট ১৪ জন সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ১ হাজার ৫৫৭টি সংশোধনী প্রস্তাব আনলেও এর একটিও গ্রহণ করা হয়নি। সংশোধনী প্রস্তাবের মধ্যে- বিএনপির একজন সর্বোচ্চ ১২৭টি সংশোধনী দেন। অবশিষ্ট সবাই সমসংখ্যক ১১০টি করে সংশোধনী প্রস্তাব দেন। বিরোধীদলীয় সদস্যরা রাষ্ট্রপতির ভাষণে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি, দলীয়করণ, সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, সরকারের কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের নিয়ন্ত্রণে অসাধু বাজার সিন্ডিকেট তৈরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ শতাধিক বিষয়ে তথ্য না থাকার অভিযোগ করেন। তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের ব্যর্থতারও বেশ কিছু বিষয়ে ভাষণে কোনো তথ্য নেই। বিচার ব্যবস্থার দুর্নীতি দূরীকরণের বিষয়েও রাষ্ট্রপতি কোনো কথা বলেননি। বিরোধীদলের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবে এসব বিষয় সংযুক্ত করার আবেদন করে সংশোধনী দেন।
সংশোধনীতে তারা বলেন, রাষ্ট্রপতির ভাষণে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান সম্পর্কে কোনো কিছু নেই। রাষ্ট্রপতির ভাষণে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার কথা উল্লেখ থাকলেও সাবেক অর্থমন্ত্রী এবং দেশের সর্বোচ্চ সংখ্যক বাজেট প্রনেতা সাইফুর রহমানের নাম ও অবদান সম্পর্কে কিছু নাই। সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানির হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করছে। এ বিষয়ে রাষ্ট্রপতির ভাষণে কোনো সতর্কতা নেই। রাষ্ট্রপতির ভাষণে বিগত অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল এবং ড. ফখরুদ্দিন আহমেদ ও জেনারেল (অব.) মইন-উ আহমেদ সম্পর্কে কিছু বলা নাই।
বিরোধীদল রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর মোট ১৫৫৭টি সংশোধনী দেয়। এরমধ্যে বেগম নিলোফার চৌধুরী ১১০ টি, মো. হারুনুর রশিদ ১১০টি, জয়নাল আবদিন ১১০টি, রেহেনা আক্তার রানু ১১০টি, মো. মোশাররফ হোসেন ১১০টি, এ এস এম মাহবুব উদ্দীন খোকন ১২৭টি, শাম্মী আক্তার ১১০টি, লুৎফর রহমান ১১০টি, নাজিম উদ্দীন আহমদ ১১০টি, জাফরুল ইসলাম চৌধুরী ১১০টি, মোহাম্মদ ফজলুল আজিম ১১০টি, সৈয়দা আফিফা আশরাফী পাপিয়া ১১০টি, মো. আবুল খায়ের ভূঁইয়া ১১০টি এবং মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ১১০টি সংশোধনী প্রস্তাব দেন।

