|
|
২/৩ দিনের মধ্যেই বিচারকদের নাম ঘোষণা -বললেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : পুরাতন হাইকোর্ট ভবনের দ্বিতীয় তলায় একটি ক্ষুদ্র কক্ষে স্থাপিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল। এই কক্ষের কাজ পরিদর্শন করে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেছেন, আগামী ২/৩ দিনের মধ্যেই এই ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ দেয়া হবে।
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮ জন বিরোধী জোটের নেতার বিচার কার্যক্রম চলছে। পুরাতন হাইকোর্ট ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশে বড় একটি কক্ষে বসেছে এজলাস। ঠিক তার বিপরীত দিকে পশ্চিম পাশে তৈরি করা হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনালের এজলাস কক্ষ।এই কক্ষটি এত ছোট যার আয়তন বর্তমান চলমান ট্রাইব্যুনালের এজলাস কক্ষের ৩ ভাগের এক ভাগ। এরও মাঝ খানে রয়েছে একটি দেওয়াল যার খানিকটা খুলে দেয়া হয়েছে। বাকিটুকু খুললে হয়তো বিল্ডিং ভেঙ্গে পড়তে পারে। দেয়ালের সামনের অংশে ৩ বিচারদের আসন। তার সামনে দুই পাশে ৫-৫ করে ১০ জনের বেশি আইনজীবী বসার জায়গাও হবে না। সাংবাদিক পর্যবেক্ষকসহ অন্যদের বসতে হবে পরের কক্ষে। সেখানেও সর্বোচ্চ আসন সংখ্যা হতে পারে ১৫ থেকে ২০ জন। এত ছোট্ট কক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মত স্পর্শকাতর আদালত স্থাপনের ঘটনা বিস্ময়কর। জেলা পর্যায়ের সেশন জজের আদালত কক্ষও এর চেয়ে অনেক বড়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাস কক্ষের চেয়েও ছোট্ট এই কক্ষে এত বড় বড় মামলার প্রকাশ্য বিচার কিভাবে হবে তা নিয়ে সবাই চিন্তিত এবং বিস্মিত হলেও সরকার সেখানেই সব আয়োজন করছে।

