Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 31 MAY 2012, ১৭ জ্যৈষ্ঠ ১৪১৯, ৯ রজব ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৪০২ বার | মন্তব্য টি

মূলপাতা » শেষের পাতা

কালিয়াকৈরে ট্রাক উল্টে ২ জনের মৃত্যু

কেরানীগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১১ স্বজনসহ নিহত ১২

বিডিনিউজ : ঢাকা থেকে শরীয়তপুরে বেড়াতে যাওয়ার পথে কেরানীগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন পরস্পরের স্বজন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জানান, বুধবার ভোর ৬টার পর কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‘‘মাইক্রোবাসটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। আর বরিশাল থেকে সাকুরা পরিবহনের বাসটি যাচ্ছিল ঢাকার দিকে। রাজেন্দ্রপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের ঢালে গিয়ে পড়ে।’’

ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব-১০ এ উপপরিদর্শক মো. কাশেম জানান, র‌্যাব সদস্যরা মাইক্রোবাস থেকে দশ জনের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে পাঠানোর পর মারা যায় আরো দুই জন।

ওসি সাখাওয়াত হোসেন জানান, নিহতদের মধ্যে ১১জন শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির সর্দারের আত্মীয় ও পরিবারের সদস্য। মাইক্রোবাসের চালকও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতরা হলেন- জাকির সর্দারের স্ত্রী বেবী (৪৭) ও তাদের মেয়ে লুবাব (১২); জাকিরের বড় বোন মীনা বেগম (৪৭) ও তার ছেলে সায়েম হাসান বাবু (২১); জাকিরের ছোট বোন রোজিনা (৩৩), তার স্বামী সাউথ ইস্ট ব্যাংকের প্রধান শাখার নির্বাহী কর্মকর্তা লেনিন (৩৮), তাদের ছেলে ইয়াশ (৮) ও মেয়ে ইশরা (২) এবং জাকিরের মেজ বোনের মেয়ে তাজরিয়া (১২) ও তাদের কাজের মেয়ে খুশি ও মনি।

মাইক্রোবাসের নিহত চালকের নাম সোহেল রানা বলে ওসি জানন।

জাকির সর্দারের চাচাত ভাই খোকন সর্দার হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, তাদের তিন বোন পরিবার নিয়ে রাজধানীর ইন্দিরা রোডে থাকেন। প্রতিবছর গ্রীষ্মের ছুটিতে ছেলেমেয়েদের নিয়ে আরশিনগরের চরফিলিজ গ্রামে বেড়াতে যান তারা। এবারও সেখানে যাওয়ার পথেই লাশ হতে হলো তাদের।

মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, আমিনুর, সেন্টু ও জুলহাস নামের তিন জন আহত অবস্থায় এসে চিকিৎসা নিয়ে গেছেন। তারা দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী বলে জানিয়েছেন।

সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বুধ ও বৃহপতিবার ছুটি নিয়েছিলেন লেনিন। শনিবার তার ফিরে আসার কথা ছিলো।

লেনিনের ছেলে ইয়াশ ধানমন্ডির একটি স্কুলে কেজি টুতে পড়তো বলে জানান তিনি।

জাকির সর্দারের ফুপাতো ভাই ড. সোবহান জানান, জাকিরের স্ত্রী বেবী, মেয়ে লুবাব, মেজ বোনের মেয়ে তাজরিয়া ও দুই কাজের মেয়ে খুশি ও মনির লাশ বুধবার স্বর্ণদ্বীপ-৮ লঞ্চে করে শরীয়তপুর নিয়ে যাওয়া হবে। আর লেনিন, তার স্ত্রী রোজিনা, ছেলে ইয়াশ ও মেয়ে ইশরার লাশ আজিমপুরে দাফন করা হবে।

পুলিশ চালক সোহেল রানার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

সোবহান আরো জানান, নিহত মীনার আরেক ছেলে সাঈদ হাসান মিশু বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। তিনি বর্তমানে কঙ্গোতে জাতিসংঘের মিশনে কর্মরত রয়েছেন।

মিশু ফিরলেই মীনা ও বাবুর লাশ দাফন করা হবে।

বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আলভী ফোরদৌস খান জানান, মিশু ইতোমধ্যে মায়ের মৃত্যুর খবর শুনেছেন। দুই-তিন দিনের মধ্যে তিনি দেশে ফিরবেন। এই সময়ে তার মা ও ভাইয়ের লাশ কেন্দ্রীয় সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে।

দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, মাওয়া পর্যন্ত ‘রোড ডিভাইডার' নির্মাণ করা হলে এই সড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসতো বলে তার ধারণা।

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গতকাল বুধবার সকাল ৮ টার দিকে চিনি ভর্তি ট্রাক উল্টে ২ গার্মেন্টস কর্মী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হচ্ছে ঢাকার ধামরাই উপজেলার ভাঙ্গলা গ্রামের বুদ্দু মিয়ার মেয়ে রাজিয়া বেগম(২৫) ও রাজশাহীর বাঘা থানার জুত কাদিরপুর গ্রামের আবুল প্রামানিকের মেয়ে বিজলী বেগম (২২)।

কোনাবাড়ী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, সকাল ৮ টার দিকে বিজলী ও রাজিয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশদিয়ে হেঁটে কর্মস্থল সালমা গার্মেন্টসে যাওয়ার পথে ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি চিনি ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০১৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এসময় দুই জনেই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায় এবং ঘাতক ট্রাক আটক করেছে।