Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 31 MAY 2012, ১৭ জ্যৈষ্ঠ ১৪১৯, ৯ রজব ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৮৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

প্রধানমন্ত্রী ফিরেছেন

পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে ঢাকা-দোহা আলোচনা

দোহা থেকে বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন ও বাংলাদেশে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিষয়ে আলোচনা করেন।

গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ইসলামিক বিশ্ব ফোরামের ফাঁকে আয়োজিত এক বৈঠকে উভয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন এবং এক হাজার মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ রিজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে নদী খনন ও বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগের বিষয়েও আলোচনা হয় বলে তিনি উল্লেখ করেন।

উভয় নেতা দুটি দেশের অভিন্ন স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, সম্প্রতি কাতার পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বিমানবন্দর উন্নয়ন, নদী খনন ও জনশক্তি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ বাংলাদেশের বিভিন্ন বৃহৎ প্রকল্পে বিনিয়োগে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে।

কাতারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক এসিস্ট্যান্ট মিনিস্টার শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন জাবের আল থানির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎকালে বিনিয়োগের এ আগ্রহ প্রকাশ করে।

এ প্রেক্ষাপটে কাতারের সহায়তায় বাংলাদেশ বেশকিছু প্রকল্পের উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে রয়েছে মহেশখালীতে ১শ' ৩০ কোটি ডলার ব্যয়ে ১ হাজার মেগাওয়াটের এলএনজি ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ৫ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার ব্যয়ে নদী খনন যন্ত্রসহ নদীর নাব্যতা পুনরুদ্ধারের আনুষঙ্গিক মেশিন ক্রয় এবং ১ কোটি ১০ লাখ ডলার ব্যয়ে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ। এছাড়া প্রকল্পসমূহে আরো রয়েছে ৪০ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল এবং কার্গো ভিলেজ নির্মাণ এবং ১৪ কোটি ডলার ব্যয়ে কড্ডা-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ককে (ঢাকা বাইপাস) ৪ লেনে উন্নীতকরণ।

এরপর রিজ হোটেলে ওআইসি মহাসচিব একমেলুদ্দিন ইহসানুগ্লু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়ে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী ফিরেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে দু'দিনের সরকারি সফর শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন ।

যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরাম-২০১২'র বার্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশে গত মঙ্গলবার তিনি দোহা যান। ফোরামের উদ্বোধনী অধিবেশনে পরিবর্তনের চ্যালেঞ্জের ওপর তিনি মূল বক্তব্য পেশ করেন।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমান আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছায়।

জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।

মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।