|
|
ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশনের মানববন্ধন
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, পুলিশ এখন নিরাপত্তা নয়, অত্যাচারী বাহিনীতে পরিণত হয়েছে। সে কারণেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের পুলিশ থেকে দূরে থেকে সংবাদ সংগ্রহের পরামর্শ দিয়েছেন। পুলিশ বাহিনী আগের চেয়ে ভাল হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে অনভিজ্ঞতা উল্লেখ করে তিনি এর নিন্দা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে' ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম আবদুল হালিম, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, ভাসানী অনুসারী সমন্বয় পরিষদের সভাপতি তারেক বিন হোসেন প্রমুখ।
মওদুদ আহমদ বলেন, সম্প্রতি আদালত প্রাঙ্গণে পুলিশ কর্তৃক একজন নারীর শ্লীলতাহানি, আইনজীবী-সাংবাদিকদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে বলেছেন, পুলিশ বাহিনী আগের চেয়ে ভাল হয়েছে। তিনি বলেন, আমরা তার এমন বক্তব্যের নিন্দা জানাই এবং তার পদত্যাগ দাবি করছি। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, আমরা আগেও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি। কারণ আমরা বার বার বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনী পরিচালনার কোনো অভিজ্ঞতা এই মন্ত্রীর নেই। নিম্নআদালতে একজন নারীর শ্লীলতাহানির পর যিনি বলেন, পুলিশ বাহিনীর আচরণ আগের চেয়ে ভালো হয়েছে, এ রকম ব্যক্তির এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উচিত নয়। সাংবাদিকদের ‘নিরাপদ দূরত্বে' থাকার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ‘পরামর্শের' কঠোর সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, এর মাধ্যমে প্রতিমন্ত্রী স্বীকার করে নিলেন, বর্তমান পুলিশ বাহিনী একটি বর্বর ও অত্যাচারী বাহিনীতে পরিণত হয়েছে। তারা এই বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বলেই সাংবাদিকদের নিরাপদ দূরত্বে থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। এটা ন্যক্কারজনক। মওদুদ আহমদ বলেন, তাদের দুঃশাসনের কারণে দেশ পরিচালনায় কোনো নিয়ন্ত্রণ নেই। ইলিয়াস আলীসহ বিরোধীদলের অনেক নেতা-কর্মীকে সরকারের মদদপুষ্ট লোকরা গুম করেছে। সাংবাদিক সাগর-রুনির হত্যাকান্ড ও সৌদি কূটনীতিক হত্যার আজো কোনো সুরাহা করতে পারেনি তারা। বর্তমান সরকারকে দুর্নীতিবাজ উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রীদের দুর্নীতির কারণে দেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে গেছে। তাই দেশের মানুষ আর এই সরকারকে দেখতে চায় না। তারা এখন পরিবর্তন চায়। সুরঞ্জিত বাবুদের পুনরায় মন্ত্রিত্ব দিয়ে দুর্নীতি করতে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আগামী ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে সরকারের প্রতি আবারো আহবান জানান ব্যারিস্টার মওদুদ আহমদ।

