Quantcast
ঢাকা, মঙ্গলবার 5 June 2012, ২২ জ্যৈষ্ঠ ১৪১৯, ১৪ রজব ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৬৫৪ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

যুবদলের সমাবেশে প্রধানমন্ত্রীকে ব্যারিস্টার মওদুদ

সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়কের ঘোষণা দিন অন্যথায় গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে

গতকাল সোমবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত সমাবেশে বক্তব্য পেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : জিদ ধরে বসে না থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি। তিনি বলেছেন, জিদ করবেন না। রাজনীতিতে জিদ থাকতে নেই। শেষ মুহূর্তে মানার চেয়ে এখনই তত্ত্বাবধায়কের দাবি মেনে নেয়া ভালো। তিনি বলেন, এখনই যদি দাবি মেনে নেন তাহলে হরতালের মতো কঠিন কর্মসূচি দেয়ার দরকার হবে না। অন্যথায় গণতন্ত্রের জন্যে আন্দোলন চালিয়ে যেতে হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর ও দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ ১৮ দলীয় জোট নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ ডাকা হয়।

ঢাকা মহানগর উত্তর যুবদল সভাপতি মামুন হাসান ও দক্ষিণের সভাপতি হামিদুর রহমান হামিদের যৌথ সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ  বুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হবে না মন্তব্য করে মওদুদ বলেন,  আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে। আর প্রধানমন্ত্রীর কাছ থেকেই এ ঘোষণা আসতে হবে। আপনি ঘোষণা দিন। আমরা আলোচনায় যাবো। কোন কঠোর কর্মসূচিও দেবো না। তিনি বলেন, আমরা সংঘাতে বিশ্বাস করি না। সংবিধান সংশোধনের ঘোষণা দিন। নয়তো দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন দমাতেই ১৮ দলীয় জোট নেতাদের নামে মামলা দেয়া হয়েছে উল্লেখ করে  তিনি বলেন, আন্দোলন দমাতে এ মামলা দেয়া হয়েছে। কিন্তু আন্দোলন প্রতিহত করতে পারবেন না। এ আন্দোলন শুধু বিএনপির নয়, এখন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। আগামীকাল (বুধবার) ১৮ দলীয় জোট নেতাদের জামিন হয়ে যাবে মন্তব্য করে মওদুদ বলেন, আশা করি তারা ১১ জুনের সমাবেশে উপস্থিত থাকবেন।

১১ জুনের সমাবেশ মহাসমাবেশে পরিণত হবে উল্লেখ করে মওদুদ বলেন, এর আগে ১২ মার্চের ঢাকা চল কর্মসূচিতে সরকার সারা দেশে অঘোষিত হরতাল আহবান করেছিল। কিন্তু মানুষকে আটকাতে পারেনি। আগামী ১১ জুনের সমাবেশ নিয়েও সরকার ষড়যন্ত্র করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। এই সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে। আইন-শৃক্মখলার অবনতি, বিডিনিউজে হামলা, আদালত চত্বরে নারীর শ্লীলতাহানি ইত্যাদির উদাহরণ টেনে তিনি বলেন, এ সরকার পুলিশের ওপর নির্ভর করেছিলো। কিন্তু পুলিশ সরকারের ওপর আস্থা হারিয়ে নিজেদের খেয়ালখুশিতে চলছে। পুলিশের এ জবাবহীনতার বিচার জনগণ একদিন করবে।