|
|
বিজ্ঞানীদের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার : সদ্য প্রকাশিত গবেষণায় দেখা গেছে দেশের শতকরা ৯০ ভাগ বনাঞ্চল ইতোমধ্যেই উজাড় হয়ে গেছে এবং বিজ্ঞানীরা সতর্ক দিয়ে বলছেন যে এখনো পরিবেশ নীতিমালাগুলোর প্রয়োগ শুরু না করলে দেশের একশ ভাগ বনই উজাড় হয়ে যাবে অল্প সময়ের মধ্যে।
বনসম্পদ গবেষণায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী বিজ্ঞানী সৈয়দ আজিজুর রহমান গতকাল সোমবার বলেন, ইতোমধ্যেই নব সংরক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং এখন এ অবস্থার পরিবর্তন করা খুবই কঠিন হবে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বন নিধনের হার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।
এর আগে আজিজুর রহমান এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন অন্য তিন লেখকের সঙ্গে যৌথভাবে। নিরক্ষীয় বনাঞ্চলের নিধনের ব্যাপ্তি ও পরিণতি : বাংলাদেশের হাতে থাকা নীতিগত সুযোগ শীর্ষক নিবন্ধে উল্লেখ করা হয়, দ্রুতহারে সব বনাঞ্চল উজাড় হতে থাকার ফলে বন্যা ও জলাবদ্ধতা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে লবণাক্ততা। যার পরিণতিতে বিশাল সংখ্যক মানুষের জীবনযাত্রা অসহ্য হয়ে পড়েছে এবং কৃষি বাধাগ্রস্ত হচ্ছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল ফরেস্ট্রি রিসার্চ (সিআইএফআর) এর কর্মকর্তা আজিজুর রহমান ও অন্য তিন বিজ্ঞানী এমজি কিবরিয়া, এ ইমতিয়াজ এবং টিসিএইচ সাদারল্যান্ড-এর নিবন্ধনটি প্রকাশিত হয় জার্নাল ফর এগ্রিকালচারাল সায়েন্স এন্ড টেকনলজিতে।
তবে আজিজুর রহমান আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় লাগলেও এ বনাঞ্চল পুনরুদ্ধার করার সম্ভাবনা আছে যদি কর্তৃপক্ষ পরিবেশ বিষয়ক নীতিমালাগুলো প্রয়োগ করে। তিনি বলেন, বাংলাদেশে অনেক আইন ও নীতি আছে পরিবেশ রক্ষায়, কিন্তু এগুলোর বাস্তবায়ন নেই। এসব নীতি ও আইনসমূহকে জোরদারভাবে প্রয়োগ করতে হবে।
বাংলাদেশে বর্তমানে মোট ভূখন্ডের মাত্র ৬.৭ ভাগের চেয়েও অনেক কম বনাঞ্চল আছে। কারণ ৬.৭ ভাগের এ হিসাবটি ২০০৯ সালে জাতিসংঘ বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থার করা। আজিজুর রহমানের গবেষণা নিবন্ধে উল্লেখ করা হয়, বন রক্ষায় আইনের প্রয়োগ না থাকায় প্রতিবছর কমপক্ষে দুই হাজার হেক্টর হারে বন কমছে। যেমন বিগত এক দশকে গাজীপুর ও ভাওয়াল অঞ্চলের শালবনের অর্ধেকের বেশি বন উজাড় করে দেয়া হয়েছে। একইভাবে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনও প্রায় একই হারে উজাড় হয়ে যাচ্ছে।

