Quantcast
ঢাকা, মঙ্গলবার19 June 2012, ৫ আষাঢ় ১৪১৯, ২৮ রজব ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৬৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ইলিয়াস আলী ও তার গাড়িচালককে জীবিত ফেরত দেয়া সরকারের দায়িত্ব -মির্জা ফখরুল

গতকাল সোমবার বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিখোঁজ বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর বাসভবনে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। গতকাল সোমবার ছিল ইলিয়াস আলীর মেয়ের জন্মদিন -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে বিএনপি নিশ্চিত যে সরকারের লোকেরা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। তার গুমের দু'মাস পার হলেও সরকার এখনো তার কোনো সন্ধান দিতে পারেনি। তিনি বলেন, ইলিয়াস আলী ও তার গাড়িচালককে জীবিত ফেরত দেয়া সরকারের দায়িত্ব এবং কর্তব্য। আমরা সরকারের কাছে অবিলম্বে তাকে তার পরিবারের কাছে জীবিত ফেরত দেয়ার দাবি জানাচ্ছি। গতকাল সোমবার বেলা ১২টার দিকে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বনানীর নিজ বাসায় তার একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়ালের নবম জন্মদিন উপলক্ষে জন্মদিনের কেক নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

এ সময় তার সাথে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান সরওয়ার এমপি, শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি এমপি, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, বিএনপি চেয়ারপার্সনের সহাকারী মিডিয়া উইং শায়রুল কবির খান। এ সময় ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার সন্তানদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলী ও তার গাড়িচালককে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর আমরা তাদের ফিরে পাওয়ার আশা করছিলাম। পরে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফও তাদের উদ্ধারের কথা বলেছিলেন। কিন্তু তাদের নিখোঁজের দু'মাস পার হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি সরকারের পক্ষ থেকে এ বিষয় তাদের পরিবারের কাছে কোনো সন্তোষজনক জবাবও দেয়া হয়নি। তাদের উদ্ধারে আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী কোনো চেষ্টা করছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ইলিয়াস আলীর মতো একজন প্রভাবশালী ও জনপ্রিয় সম্ভাবনাময় তরুণ নেতা গুম হয়ে যাওয়ার আগে ঢাকার সাবেক কমিশনার চৌধুরী আলম গুম হলেও সরকার তাকে উদ্ধারে তেমন কোনো চেষ্টাও করেনি। এ সরকারের আমলে ১২৭ জন মানুষ গুম হয়েছে। তিনি আরো বলেন, আজ আমরা ইলিয়াস আলীর একমাত্র কন্যা সাইয়ারা নাওয়ালের জন্মদিনের উপহার হিসেবে কেক নিয়ে আসছিলাম। কিন্তু এ শুভ দিনে উপহার হিসেবে তার বাবাকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে। এই ছোট্ট মেয়েটি প্রধানমন্ত্রীর কাছে তার জন্মদিনের উপহার হিসেবে বাবাকে ফেরত চেয়েছে। কি বেদনাদায়ক এটি।

এ কথা বলে মির্জা ফখরুল সাইয়ারাকে বুকে তুলে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। জিজ্ঞাসা করেন, কেমন আছো মা-মনি। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিবের অশ্রুসজল কণ্ঠে পুরো পরিবেশ গম্ভীর হয়ে যায়।

তিনি আরো বলেন, এ ধরনের গুম যে কত নিদারুণ ও কষ্টের তা এ বাসায় এলে বোঝা যায়। তাই শুধু বিএনপির নয় সারা দেশের মানুষ এখন ইলিয়াস আলী ও তার গাড়িচালককে জীবিত ফেরত চায়। দেশের গুম ঘটনাকে জাতিসংঘের চার্টার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুই মাস অতিক্রান্ত হওয়ার পরও ইলিয়াস আলীকে আমরা ফেরত পাইনি। পাওয়া যায়নি তার গাড়িচালক আনসার আলীকেও। এভাবে একের পর এক গুম ঘটনা ঘটছে। যার কোনো প্রতিকার নেই।

বিএনপি ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে মূল্যহীন উল্লেখ করে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, গোটা জাতি এখন জানে, কারা ইলিয়াস আলীকে গুম করেছে। অযথা এসব কথা বলে কোনো লাভ নেই। সরকারের পক্ষে সবই সম্ভব। তাই তাকে ফিরিয়ে দিন।