|
|
বার্তা ২৪ ডটনেট : সৌদি আরব সফররত বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রোববার সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। খালেদা জিয়া সৌদি আরবে কর্মরত বাংলাদেশীদের ওয়ার্ক পারমিট (আকামা) সমস্যা দূর করা ও বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেয়ার অনুরোধ জানান। প্রিন্স সালমান এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
রোববার সৌদি সময় সকাল সাড়ে দশটায় প্রিন্স সালমানের রিয়াদ কার্যালয়ে এ বৈঠক হয়। সৌদি আরবের যুবরাজ প্রিন্স নায়েফের ইন্তিকালের পর গত সপ্তাহে প্রিন্স সালমান যুবরাজ (সিংহাসনের উত্তরাধিকারী) হিসেবে মনোনীত হন। যুবরাজ হওয়ার পর প্রিন্স সালমান কোনো বিদেশী অতিথির সঙ্গে এই প্রথম বৈঠক করেন। খালেদা জিয়ার সফর সঙ্গী তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ই-মেইল বার্তায় এসব তথ্য জানান।
মারুফ কামাল জানান, চল্লিশ মিনিটব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও সৌদি আরবে বিরোধীদলীয় নেতার বিশেষ দূত এনামুল হক চৌধুরী।
যুবরাজ সালমানের ভাই মরহুম যুবরাজ নায়েফের জানাযায় বিরোধী দলের একটি প্রতিনিধি দল অংশ নেয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান সালমান। সৌদি আরবে কর্মরত বাংলাদেশীদের আকামা সমস্যা ও আরো বেশি বাংলাদেশীদের সেদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার অনুরোধ করেন খালেদা জিয়া। জবাবে সৌদি রাজ পরিবারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সালমান বলেন, বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তিনি তুলে ধরবেন। বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারেও সংশ্লিষ্টদের উৎসাহিত করবেন বলে জানান তিনি।
বৈঠককালে প্রিন্স সালমান জিয়াউর রহমানের জীবদ্দশায় তার সঙ্গে বৈঠকের বিষয়টি তুলে ধরে বলেন, জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালে তিনি বাংলাদেশ সফর করেন। তখন জিয়াউর রহমানের সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেন। খালেদা জিয়া সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সানন্দে তা গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষা করাতে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গত ১৫ জুন সৌদি আরব যান। আজ সোমবার ভোর পৌনে পাঁচটায় তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

