|
|
সুলতানা কামাল মুনতাসির মামুন জে. শফিউল্লাহ ডা. হাসান এই মামলার সাক্ষী
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারেনি। অন্যদিকে অভিযুক্ত পক্ষ চূড়ান্ত বিচারিক প্রস্তুতির জন্য দুই সপ্তাহের জন্য মুলতবি চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক সপ্তাহের জন্য সময় মঞ্জুর করেছে। আগামী ১ জুলাই তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করছেন টাইব্যুনাল। অধ্যাপক মুনতাসির মামুন, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.), কে এম শফিউল্লাহ, ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহবায়ক ডা. এম এ হাসান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এবং মাহবুব উদ্দিন বীর বিক্রম এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী। এছাড়াও গতকাল রোববার আরো ৪ জন সাক্ষীর নাম জমা দেয়া হয়েছে। তারা হলেন এস এম শহীদুল ইসলাম, মোবারক হোসেন, আবুল কাসেম ভূঁইয়া ও সারোয়ার হোসেন। সরকার পক্ষের আইনজীবী প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেছেন, এই ৪ জন মূল সাক্ষী নয় তারা জব্দ তালিকার সাক্ষী।
৯০ বছরের বৃদ্ধ অধ্যাপক গোলাম আযমকে ঢাকার পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে হুইল চেয়ারে বসিয়ে এ্যাম্বুলেন্সযোগে গতকাল সকালে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। হুইল চেয়ার উঁচু করেই সকাল ১০টা ২৫ মিনিটে উঠানো হয় দ্বিতীয় তলায় এজলাস কক্ষে। পূর্বনির্ধারিত সাক্ষ্য প্রদানের দিন থাকলেও রাষ্ট্রপক্ষ গতকাল কোন সাক্ষী হাজির করেনি। বরং সাক্ষী হাজির করার জন্য সময় চেয়ে আবেদন করেছেন গতকাল। অন্যদিকে যথাযথ প্রস্তুতিমূলক সময় প্রয়োজন বিধায় দুই সপ্তাহ সাক্ষ্য গ্রহণ মূলতবি রাখান আবেদন জানান অধ্যাপক গোলাম আযমের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম। এই আবেদনের শুনানিতে তাজুল ইসলাম বলেন, আদালত আমাদেরকে সময় দিয়েছেন ৪০ দিন । তবে এই মামলার প্রস্তুতি নেয়ার জন্য তা যথেষ্ট নয়। এত বড় বড় ভলিউম ডকুমেন্ট দেয়া হয়েছে যা আমরা পড়ে শেষ করতে পারি নাই। তাই চূড়ান্ত প্রস্তুতির জন্য আমরা মাত্র ২ সপ্তাহ সময় চেয়েছি। সময় প্রার্থনার বিরোধীতা করেন প্রসিকউিটর জিয়াদ আল মালুম। এ পর্যায়ে ট্রাইব্যুনালের সদস্য একে এম জহির আহমেদ বলেন, যদি সময়ের আবেদন আমরা খারিজ করে দেই তাহলে তো আপনাকে সাক্ষী হাজির করতে হবে। সাক্ষী কি এনেছেন? আপনি তো সাক্ষী হাজির করার জন্য সময় চেয়েছেন সাক্ষী তো আনেননি। জবাবে মালুম বলেন, আগে খারিজ করতে হবে। তার পরে আমার সময়ের আবেদনের ফয়সালা করতে হবে। তিনি আইন দেখিয়ে বলেন, আসামীকে প্রচুর সময় দেয়া হয়েছে।
উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল এক সপ্তাহের জন্য সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আদেশ দেন। আগামী ১ জুলাই প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হক, বিচারপতি আনোয়ারুল হক ও এ কে এম জহির আহমেদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলছে অধ্যাপক গোলাম আযমের মামলা।

