|
|
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল জলিল এমপি বলেছেন, সরকার ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেয়ার কারণে সাধারণ মানুষ ঋণ পাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ও নীতিমালার কারণে ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ দিতে পারছে না। স্বাধীনতার ৪১ বছরেও সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে।
গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে দৈনিক আমাদের অর্থনীতি আয়োজিত ‘‘আবাসন শিল্পের বর্তমান সংকট ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের করণীয়’’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক আবিদ রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফরিদুল আকবর, গড়বো বাংলাদেশের সভাপতি কামরুল হাসান নাসিম, অধ্যাপক ড. শাহেদা প্রমুখ।
আব্দুল জলিল বলেন, স্বাধীনতার ৪১ বছর অতিবাহিত বলেও সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। এখনও মানুষের থাকার ব্যবস্থা নেই। ভাসমান লোকের সংখ্যা বেড়েই চলছে। এসব মানুষের মৌলিক চাহিদা পুরণ করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার থেকে শুরু করে বিত্তবানরা সাধারণ মানুষের কথা ভাবে না। এখনও রাস্তায় হাজার হাজার মানুষ বসবাস করে। এটি আমাদের জন্য লজ্জাকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনা করে বলেন, সরকার ব্যাংক থেকে এত বেশি পরিমাণ ঋণ নিচ্ছে যে সাধারণ মানুষ আর ঋণ পাচ্ছে না। অথচ আমাদের ব্যাংকগুলো মানুষকে ঋণ দিতে চায়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ও নীতিমালার কারণে তা সম্ভব হচ্ছে না।
রিহ্যাবের সমালোচনা করে বলেন, তারা শুধু ব্যবসায়িক চিন্তা করে থাকে। তারা যেসব প্রকল্প গ্রহণ করে থাকে তা সাধারণ মানুষের জন্য নয়। ব্যবসার পাশাপাশি তাদের উচিত সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রকল্প নেয়া। সাধারণ মানুষের কথা চিন্তা করলেই অনেক সম্মান পাওয়া যায়।
রাজনৈতিক অস্থিরতাকে উন্নয়নের প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়নে সহনশীল রাজনীতি করার দরকার। রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।

