|
|
নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেছেন, সরকার গণরায়কে ভয় পায় বলেই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে।
তিনি গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফতুল্লা থানা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি আলহাজ্জ মুহাঃ মুমিনুল হক, জেলার প্রচার বিভাগীয় সেক্রেটারি মাওলানা আবদুল কাইয়ুম, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ শহর শাখা সেক্রেটারি মুহাঃ সাইফুল ইসলাম, ফতুল্লা থানা আমীর মাহবুব-ই-কিবরিয়া ও থানা সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমুখ।
প্রধান অতিথি জামায়াতের সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধানমন্ত্রীর একগুয়েমীর কারণে দেশ আজ সংঘাত-সংঘর্ষের দিকে যাচ্ছে। দুর্নীতি, স্বজনপ্রীতি আর অপশাসনের কারণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। দলীয় ক্যাডার বাহিনীর চাঁদাবাজি, টেন্ডারবাজি আর সন্ত্রাসের কারণে জনগণ আজ ফুঁসে উঠেছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। দেশের এই পরিণতির জন্য বর্তমান সরকারকেই পরিণতি ভোগ করতে হবে। তিনি অবিলম্বে কেয়ারটেকার সরকার বিল পাস এবং যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন বন্ধ করে আটককৃত জামায়াতসহ সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।

