|
|
মিয়া হোসেন : আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বারাআত। বাংলাদেশে এ রাতটি ‘শবে বরাত' নামে সমধিক পরিচিত। উল্লেখ্য, রাতকে আরবীতে ‘লাইল' এবং ফার্সিতে ‘শব' বলা হয়। শাবান মাস মূলত পবিত্র মাহে রমযানের প্রস্তুতির মাস। পবিত্র হাদীস শরীফে উল্লেখ আছে, যারা ১৪ই শাবান রাতে ইবাদত করবে তাদের জন্য মুক্তি। আর যে ব্যক্তি পরদিন ১৫ই শাবান রোযা রাখবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। প্রতিবারের মতো এবারও এ রাতটি ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে পালিত হবে।
পবিত্র লাইলাতুল বারাআত উপলক্ষে গতকাল রাতে রাজধানী ঢাকাসহ সারা দেশে মসজিদ, মাদরাসা, খানকা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে আলোচনা, মিলাদ-মাহফিল ও নফল ইবাদতের আয়োজন করা হয়েছে। পবিত্র লাইলাতুল বারাআত বাড়ি বাড়ি হালুয়া-রুটি বিতরণ, আলোকসজ্জা ও পটকাবাজির ধুম পড়ে যায়। অনেকে এ কাজকে সওয়াবের কাজ হিসেবে মনে করেন। কিন্তু পবিত্র কুরআন, হাদীসে হালুয়া-রুটি বিতরণ করা আলোকসজ্জা ও পটকা ফোটানো সম্পর্কে কোনো কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন জাতীয় আলেমগণ।পবিত্র লাইলাতুল বারাআত উপলক্ষে টিভি চ্যানেলসমূহ ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া পত্র-পত্রিকাও বিশেষ প্রতিবেদন প্রকাশ করবে। এ উপলক্ষে আজ সকল জাতীয় সংবাদপত্রসমূহে ছুটি পালিত হচ্ছে। ফলে আগামীকাল শুক্রবার কোনো পত্রিকা প্রকাশিত হবে না। এ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন থাকবে।
পবিত্র লাইলাতুল বারাআত উপলক্ষে প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। তারা জাতীয় উন্নতি ও অগ্রগতির জন্য দোয়া করতে সকলের প্রতি আহবান জানান। তাছাড়া বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনগুলো দেশবাসী ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাণী দিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন এ রাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তাতে রয়েছে আলোচনা, যিকির, নফল নামায ও আখেরী মুনাজাত। এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র উদ্যোগে নয়া পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর পবিত্র শবে বরাত উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এছাড়া একই দিন বাদ মাগরিব শবে বরাত উপলক্ষে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

