|
|
আরও এক দফা বাড়লো ভোজ্য তেলের দাম -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : আরও এক দফা বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। সরকারী তথ্যে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সয়াবিন (খোলা) বাড়ানো হয়েছে প্রতিকেজিতে ২ টাকা। আর রসুনের দাম এক লাফে কেজিতে ১০ টাকা বাড়ানো হয়েছে। রমযানকে সামনে রেখে ভোজ্য তেলের দাম বাড়বে না সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা বাস্তবে প্রতিফলন ঘটলো না। রমযান না আসতেই দাম বৃদ্ধি ক্রেতাদের অসন্তুষ্টি আরও বাড়িয়ে দিয়েছে। ক্রেতাদের ভয় রমযানে আরও বাড়ানো হয় কি-না। সয়াবিন (খোলা) তেলের দাম কয়েক দফা বেড়ে বর্তমানে ১২২ টাকায় ঠেকেছে। এটা সরকারী হিসেব হলেও সরেজমিনে দেখা যায় রাজধানীর বিভিন্ন বাজারে আরও বেশি দামে বিক্রি হতে। খুচরা বাজারে পামওয়েল সুপার বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। অথচ টিসিবির তথ্যে পামওয়েল বিক্রির দর দেখানো হচ্ছে ৯৭ থেকে ৯৮ টাকা।
গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সয়াবিন তেল (খোলা) বিক্রি হচ্ছে ১২২ থেকে ১৩০ টাকা কেজি দরে। রসুনের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। গত সপ্তাহের আমদানী ৮০ থেকে ৯০ টাকার রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০টাকায়। দেশী রসুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ভোজ্য তেলের মধ্যে বোতলজাত প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। প্রতি ৫ লিটার সয়াবিন তেল ৬৭০ টাকা বিক্রি হচ্ছে। টিসিবির হিসেবে মশুর ডাল প্রতিকেজি ১১২ টাকার কথা বলা হলেও খুচরা বাজারে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। অপরদিকে ব্রয়লার মুরগীর দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে কেজিতে আরো ৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ১৭৫ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চাল-মিনিকেট ৪০ থেকে ৪৮টাকা, পাড়ি বি আর (২৮) ৪০ থেকে ৪৬ টাকা, নাজির খুচরা ৪২ থেকে ৪৮ টাকা, গুটি স্বর্ণা ২৮ থেকে ৩৭ টাকা, লাল স্বর্ণা ৩৮ টাকা, হাসকি ৩৬ থেকে ৩৭ টাকা, লতা ৩৭ থেকে ৩৮ টাকা, পোলাও চাল ৮০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। আটা ২৮ থেকে ৩০ টাকা, ময়দা ৩৭ থেকে ৪৬ টাকা কেজি বিক্রি হচ্ছে। মুগ ডাল ৯০ টাকায় ১১০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ২৮ টাকা, শুকনা মরিচের গুড়া ২৪০, হলুদ ২০০ টাকা, আদা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি গত সপ্তাহের তুলনায় কয়েকটির দাম বেড়েছে এবং কয়েকটির দাম কমেছে। আলু ২৫ টাকা, শশা২০, কাঁচা মরিচ ৮০, বেগুন ৩৫, ঢেরশ ২৫, করলা ৩০, টমেটো ৪০ থেকে ৪৫, কচুর লতি ৩০, চিচিংগা ২৫, ঝিংগা ২৪, পটল ৩০, কাকরল ৩২, বরবটি ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। মুরগীর ডিম ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ২৮০- ৩২০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ২৭০ থেকে ২৮০ টাকা, খাসি ৪০০ থেকে ৪৫০ টাকা। ইলিশ প্রতি কেজি ৮শ থেকে ১০০০ টাকা, রুই প্রতি কেজি ২০০ থেকে ৩০০ টাকা, কাতলা ৩৫০ টাকা, পাঙ্গাস ৯০ থেকে ১১০, কার্প ১৪০, তেলাপিয়া ১১০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

