|
|
সিলেট এমসি কলেজে ছাত্রলীগের হামলায় ১০ শিবির নেতা-কর্মী আহত
সিলেট ব্যুরো : সিলেটে এমসি কলেজ হোস্টেলে গতকাল রোববার ছাত্রলীগের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় কলেজ সভাপতি এস এম মনোয়ারসহ শিবিরের ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছে। হামলাকারীরা শিবির কর্মীদের ৩০টি কক্ষ ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এমসি কলেজের মাস্টার্সের ছাত্রশিবির কর্মী জাহাঙ্গীর হোসেনের সাথে ছাত্রলীগকর্মীদের কথা কাটাকাটি হলে শিবিরের হোস্টেল সভাপতি ঘটনা মীমাংসা করে দিয়ে সবাই নিজ নিজ কক্ষে ফিরে যায়। এর কিছুক্ষণ পরে ছাত্রলীগের টিলাগড়ের সন্ত্রাসী বাড়িতে গ্রুপের একটি সশস্ত্র দল এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অপর আরেকটি গ্রুপ একসাথে এমসি কলেজ হোস্টেলের ১, ৩ ও ৫ নং ব্লকের কমপক্ষে ৩০টি কক্ষে সশস্ত্র হামলা চালায় এ সময় র্যাব ও শাহপরান থানার পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের পাহারা দেয়।
হামলার সময় সন্ত্রাসীরা শিবিরকর্মীদের কক্ষে হামলায় ১০ ডেক্সটপ কম্পিউটার ও ৮টি ল্যাপটপ নিয়ে যায় এবং বিপুল পরিমাণ বই ও কুরআন-হাদিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়। হামলায় এমসি কলেজ সভাপতি এস এম মনোয়ার, হোস্টেল সভাপতি রাসেল আহমদ, সেক্রেটারি শামসুদ্দিনসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হোস্টেল সুপারের সাথে শিবিরের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের উপস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলার নিন্দা জানিয়েছে শিবিরের সিলেট মহানগরী সভাপতি আব্দুল ওয়াদুদ টিপু ও সেক্রেটারি আব্দুর রাজ্জাক। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

