|
|
চট্টগ্রামের নেতাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক খালেদার
বাংলানিউজ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামনেই পবিত্র রমযান মাস। ঈদের পর আসছে বিএনপির বৃহত্তর আন্দোলন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের সে আন্দোলনে অবশ্যই সফল হতে হবে। এ জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রামের প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় তাদের সঙ্গে অনুষ্ঠিত এক রুদ্ধদার বৈঠকে এ সব কথা বলেন তিনি।
বৈঠকে অংশ নেয়া চট্টগ্রামের কয়েকজন নেতা এ সব তথ্য জানান। বৈঠকে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুর আলম, খালেদা জিয়ার উপদেষ্টা মোর্শেদ খান, সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সাবেক হুইপ ওয়াহিদুল আলম, মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ।
বৈঠকে খালেদা জিয়া আরো বলেন, জিয়াউর রহমান চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই চট্টগ্রামের প্রতি তার আলাদা টান ছিল। শুধু তাই নয়, জীবনের শেষ মুহূর্তে তিনি এই চট্টগ্রামেই ছিলেন, সেই চট্টগ্রামের নেতা হচ্ছেন আপনারা। আপনাদের ওপর অনেক দায়িত্ব। আপনারা ঐক্যবদ্ধ হন। আন্দোলনের জন্য প্রস্তুত হন।

