|
|
স্টাফ রিপোর্টার : তড়িঘড়ি করে উন্নয়ন বাজেট কাটছাঁট করে কিংবা অন্য খাত থেকে পদ্মা সেতু নির্মাণের বিপুল পরিমাণ অর্থ সরবরাহ করলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। দলের চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী এক সাংবাদিক সম্মেলনে বলেন, সেতু নির্মাণে অহেতুক তড়িঘড়ি না করে সবদিক বিবেচনা করে ধীরে চলো নীতি গ্রহণ করতে হবে। প্রয়োজনে এই সরকার কাজ শেষ করতে না পারলে পরবর্তী সরকার শেষ করবে। পদ্মা সেতুকে দলের নির্বাচনী বৈতরণী না বানানোর জন্যও সরকারের প্রতি আহবান জানান তিনি।
গতকাল সোমবার সেগুনবাগিচার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পিডিপির স্থায়ী কমিটির সদস্য খালেকুজ্জামান চৌধুরী, অধ্যক্ষ বদিউল আলম, কোষাধ্যক্ষ ড. নুরুল আজাহার শামীম, প্রচার সম্পাদক হাসান মঞ্জুর, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সত্যেন বিশ্বাস প্রমুখ।
লিখিত বক্তব্যে কোরেশী বলেন, পদ্মা সেতু মানুষের প্রাণের দাবি। এ সেতুর জন্য মানুষ যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু এটাকে কোনো দলের নির্বাচনী সেতু বানানো যাবে না। এটা দেশ ও জাতির অতিব গুরুত্বপূর্ণ প্রকল্প। এটাকে কোনো দলের নির্বাচনের জয়-পরাজয়ের সঙ্গে সম্পৃক্ত করা উচিত নয়।

