|
|
ভ্যাট দিবসে বাণী
বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্য সংযোজন কর ব্যবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
মূল্য সংযোজন কর দিবস এবং মূল্য সংযোজন কর সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহবান জানান।
শেখ হাসিনা বলেন, ‘এ বছর থেকে ১০ জুলাই ‘মূল্য সংযোজন কর দিবস' এবং তৎপরবর্তী সপ্তাহ ‘মূল্য সংযোজন কর সপ্তাহ' হিসেবে পালনের উদ্যোগ নেয়া হয়েছে জেনে আমি আনন্দিত।'
‘মূল্য সংযোজন কর দিবস' উপলক্ষে তিনি দেশের সকল সম্মানিত মূল্য সংযোজন করদাতা, এর সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী চার দশকে বাংলাদেশ অভ্যন্তরীণ রাজস্ব আহরণের ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। মূল্য সংযোজন কর ব্যবস্থা অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ খাত।
বাণীতে তিনি বলেন, ‘মূল্য সংযোজন কর দিবস' পালন সম্মানিত করদাতাগণকে মূল্য সংযোজন কর পরিশোধে উৎসাহিত করবে বলে আমি আশা করি।'
তিনি এ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
মহাথেরোর পরলোকে
প্রধানমন্ত্রীর শোক
বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু মহাসংঘনায়ক এস ধর্মপাল মহাথেরোর পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে প্রধানমন্ত্রী সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভগবান বুদ্ধের বাণী প্রচারে তার অবদানের কথা স্মরণ করে বলেন, তার ইহলোক ত্যাগ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
ধর্মপাল মহাথেরো বার্ধক্যজনিত জটিলতায় ৮০ বছর বয়সে গতকাল সকালে থাইল্যান্ডের একটি হাসপাতালে পরলোকগমন করেন।

