|
|
পিপলস লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পিপলস লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সংগ্রাম
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উচ্ছিষ্টভোগীদের দিয়ে পদ্মাসেতুর দুর্নীতি নিয়ে সরকার মিথ্যাচার করাচ্ছে। তারা ড. ইউনূসের মত সম্মানিত লোককে পর্যন্ত হেয় প্রতিপন্ন করছে। তিনি বলেন, সরকার যতই নিজেদের পক্ষে ঢাকঢোল পেটাক না কেন এটা এখন স্বীকৃত যে, এই সরকার আন্তর্জাতিকভাবে একটি দূর্নীতিবাজ সরকার। তিনি বলেন, এ সরকারের প্রধানমন্ত্রীসহ সবার মুখে শুধু চেতনার কথা। যখন তারা হাজার হাজার কোটি টাকা লুট করেন তখন এই চেতনা কোথায় থাকে? তিনি বলেন, জনগণ বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মাসেতু চায়। তারা সরকারের প্রতারণার অংশ হতে চায় না। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পিপলস লীগের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এডভোকেট গরীবে নেওয়াজের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি এডভোকেট আবদুল মবিন, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্ত্তুজা, গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।
আ'লীগের মুখে গণতন্ত্র মানায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যারাই আ'লীগের সমালোচনা করেছে তারাই তাদের রোষানলে পড়েছে। দলটির নেতা শেখ মুজিব মওলানা ভাসানীকে কারারুদ্ধ করেছিল। দলটির বর্তমান নেত্রী নিজেকে গণতন্ত্রের মানসকন্যা দাবি করেন। অথচ প্রতিনিয়ত ভিন্ন মতের নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ করা হচ্ছে। এছাড়া মামলা, হামলা নির্যাতন তো চলছেই। ৭২-৭৫ সালে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল তাদের এই আ'লীগ হত্যা করেছিল। সিরাজ শিকদারকে বিনা বিচারে হত্যা করেছে তারা। দেশের তরুণ সমাজ আ'লীগের এই কালো ইতিহাস জানে না। তিনি বলেন, ৭৪ সালে আ'লীগের দুর্নীতির কারণে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। তারা সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, এত কিছুর পরও এই সরকার গণতন্ত্রের কথা বলে। এদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বর্তমান প্রজন্মকে আ'লীগের অতীত ইতিহাস জানাতে হবে।
তিনি বলেন, সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসের কারণে একের পর শিক্ষাঙ্গন বন্ধ হয়ে যাচ্ছে। তাদের সোনার ছেলেরা লেখাপড়া নয় টেন্ডার ভর্তিবাণিজ্য নিয়ে ব্যস্ত। তিনি বলেন, এ সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। এই কারণে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট আজ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এই সরকার শিক্ষকদের নূন্যতম সম্মানও দিচ্ছে না।
মির্জা ফখরুল বলেন, প্রশাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজ মুখোমুখি। এসব প্রতিষ্ঠানে আ'লীগের ডিএনএ টেস্ট ছাড়া কোনো নিয়োগ দেয়া হয় না। তিনি বলেন, পদ্মা সেতুতে নোবেল বিজয়ী ইউনূসের কারণেই বন্ধ হয়েছে আ'লীগের এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ইউনুস পদ্মা সেতু বন্ধের সাথে কোনভাবেই জড়িত নয়। তাকে হেয়প্রতিপন্ন করতেই আ'লীগ তাকে জড়িয়ে বক্তব্য দিচ্ছে। তার মত সম্মানিত লোককে পদ্মা সেতুর সাথে না জড়ালেও পারতো।

