|
|
ভষ্মিভূত এমসি কলেজ ছাত্রাবাস পরিদর্শন
সিলেট ব্যুরো : গত রোববার বিকেলে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের পর রাতে ছাত্রলীগ সন্ত্রাসীদের দেয়া আগুনে ভষ্মিভূত এমসি কলেজ ছাত্রাবাস পরিদর্শন করেন গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সন্ত্রাসীদের তান্ডব দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এ কলেজেরই সাবেক দুই কৃতী শিক্ষার্থী অর্থ ও শিক্ষামন্ত্রী। এ সময় ছাত্রলীগের এক নেতা ছাত্রাবাসে অগ্নিসংযোগকারীর নাম উল্লেখ করে মন্ত্রীদ্বয়ের কাছে ঘটনার বর্ণনা দেন। তবে ঐ নেতার নাম জানা যায়নি।
গত বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাত্রাবাসের প্রথম ব্লকের সামনে ভষ্মিভূত ছাত্রাবাস দেখছেন তখন তাদের সামনে জনৈক ছাত্রলীগ নেতা ছাত্রাবাস পুড়ানোর ঘটনার বর্ণনা দিতে গিয়ে মন্ত্রীদ্বয়কে বলেন, নগর আওয়ামী লীগ নেতা রঞ্জিত গ্রুপের ক্যাডার পংকজ পুরকায়স্থ, দেবাংশু দাস মিঠু, ছাত্রলীগ নেতা এসআর রুমেলসহ শতাধিক বখাটে ছাত্রলীগ নামধারীরা ছাত্রাবাস পুড়িয়ে দিয়েছে। তার সাথে থাকা এ সময় আরো কয়েকজন ছাত্রলীগ নেতা বলে উঠেন এরাই ছাত্রলীগের নাম ব্যবহার করে সিলেটকে অশান্ত করে তুলছে। তারাই সকল অপকর্ম করে বেড়ায় এবং দোষ চাপে ছাত্রলীগের ওপর। ছাত্রাবাসকে তারাই পুড়িয়ে ঐতিহ্য নষ্ট করেছে। যেভাবে অর্থমন্ত্রী বলেন, যে দলেরই হোক না কেন তাদের শাস্তি হবে নিশ্চিত। এ সময় সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন।

