Quantcast
ঢাকা, রোববার 15 July 2012, ৩১ আষাঢ় ১৪১৯, ২৪ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৫৩ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

যুবদল উত্তরের মানববন্ধনে মির্জা ফখরুল

পদ্মা সেতুর নামে টাকা উঠিয়ে আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনের ফান্ড তৈরি করছে

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতীকী অনশনে বক্তব্য পেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুর নামে টাকা উঠিয়ে আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনের ফান্ড তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেষ সময়ে বড় বড় প্রকল্প থেকে অর্থ না পেয়ে সরকার চাঁদাবাজি করতে জনগণের পকেট কাটা শুরু করেছে। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনসহ সব নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে যুবদল ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত প্রতীকী অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিমান বন্দর থানা বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুবদল সভাপতি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, উত্তরের সভাপতি মামুন হাসান প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন সংগঠন থেকে পাওয়া অর্থ সরকারি দল নির্বাচনের সময় খরচ করবে। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নতুন ধুয়া তুলেছে। আসলে তারা নির্বাচনকে সামনে রেখে সেতু নির্মাণের নামে টাকা সংগ্রহের নতুন ধান্ধা শুরু করেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন এই মুহূর্তে অসম্ভব মন্তব্য করে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, সামনে নির্বাচন। সেজন্য জনগণের পকেট থেকে চাঁদা আদায় করতে এ রকম কৌশল নিয়েছে তারা। তারা (সরকার) বলছে, পদ্মা সেতু নির্মাণে জনগণ টাকা দেবে। স্কুলের বাচ্চারা টিফিনের পয়সা বাঁচিয়ে টাকা দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না কি এক কোটি টাকা দেবেন। এভাবে সারাদেশে এখন চাঁদাবাজি শুরু হয়ে গেছে।

তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও সৌদী দূতাবাসের কর্মকর্তার খুনিরা এখনো ধরা পড়েনি। দ্রব্যমূল্য দিন দিন বেড়ে চলেছে। দলীয়করণের ফলে বুয়েটসহ সব শিক্ষাঙ্গনের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারকে নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করতে হবে।

মির্জা ফখরুল বলেন, নিজেদের দুর্নীতির আড়াল করতে যা খুশি বলার জন্য উপরের নির্দেশ থাকায় মন্ত্রিসভায় কান্ডজ্ঞানসম্পন্ন সৈয়দ আশরাফুল ইসলাম সঙ্গদোষে আবোল-তাবোল বলতে শুরু করেছেন। তিনি বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের জন্য বিএনপির দুর্নীতিকে দায়ী করছেন। এর বিচারের দায় জনগণের ওপর দিলাম। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের জন্য সরকারকে পুরোপুরি দায়ী করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ জানে, কেন বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করেছে। বর্তমান সরকার চুরি করতে গিয়ে ধরা পড়েছে।

সরকারের অত্যাচার-নির্যাতনে বিএনপি নেতারা আজ অতিষ্ঠ এমন মন্তব্য করে তিনি বলেন, ভেবেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্বাচনী এলাকায় বিরোধীদলের প্রতি উদারদতার পরিচয় দিয়ে কাজ করার সুযোগ দেবেন। কিন্তু তার এলাকায় বিএনপি নেতারা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গেলেও পুলিশ বাহিনী সেখানে হানা দেয়।

পরে কারাগারে আটক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের বড় মেয়ে জাইমা হাসানকে জুস পান করিয়ে অনশন ভাঙান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে এর আগে গতকাল সকালে দলের রংপুর বিভাগের নতুন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এমপি এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সপ্তাহে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে নতুন বিভাগ রংপুরের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেন।