|
|
‘মিট দ্য প্রেসে' ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
0 রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আহবান0
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত ইন্দেনেশিয়ার রাষ্ট্রদূত জেট মিরজাল জয়নুদ্দিন বলেছেন, বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বল্পোন্নত নয়, স্বল্প ব্যবস্থাপনার দেশ। সার্বিক ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো উন্নত হতে পারে। অন্যদিকে তিনি রোহিঙ্গাদের দেশে ফিলিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহবান জানিয়েছেন।
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে ‘মিট দ্য প্রেস' অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, সংশ্লিষ্ট উপ-কমিটির আহবায়ক জহিরুল আলম, ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের কাউন্সিলর মোতাহারুল জানান প্রমুখ।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা এ অঞ্চলে শান্তি এনে দিয়েছে। বাংলাদেশের সাথে ইন্দোনেশিয়ার সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দু'দেশের সম্পর্ক আরও উন্নয়নে তিনি কাজ করছেন উল্লেখ করে বলেন, এ জন্য দূতাবাসের প্রতিটি কর্মী কাজ করে চলেছেন। আগে জটিলতা থাকলেও বর্তমানে মাত্র তিন দিনে ইন্দোনেশিয়ার কলিং ভিসা দেয়া হচ্ছে। উভয় দেশের স্বার্থ সংরক্ষণ ও সম্পর্ক সুদৃঢ় রাখতে গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মনে করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ইন্দোনেশিয়া সবসময়ই মিয়ানমারকে রক্ষা করতে চায়। মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহবান জানাই। কারণ, নৃতাত্ত্বিক কোনো ইস্যু তুলে কাউকে বলা যায় না, তারা এ দেশের নাগরিক নয়। রোহিঙ্গা সমস্যা বর্তমানে একটি মানবাধিকার ও বৈশ্বিক সমস্যা। মিয়ানমার সরকারের তা সমাধানে উদ্যোগী হওয়া উচিত।

