|
|
বাংলানিউজ: রংপুর বিভাগের ৯টি সাংগঠনিক জেলার নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাত অনুষ্ঠানে নেতাদের মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন খালেদা জিয়া। নেতারা এ নির্দেশ মানাসহ আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সম্প্রতি বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত আসাদুল হক দুলুর নেতৃত্বে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, রংপুর জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পঞ্চগড় জেলার সভাপতি মোজাহার হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, গাইবান্ধা জেলার সভাপতি আনিসুজ্জামান বাবু, দিনাজপুর জেলার সভাপতি লুৎফর রহমান মিয়া, কুড়িগ্রাম জেলার
সভাপতি তাসবীর উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, ভারপ্রাপ্ত মহাসচিব ও ঠাকুরগাঁও জেলার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাধারণ সম্পাদক তৈয়মুর আলম প্রমুখ। তাদের সঙ্গে ছিলেন শতাধিক কর্মী।
এ রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, জেনারেল(অব.) মাহবুবুর রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল। বৈঠক সূত্রে জানা গেছে, এক ঘণ্টাব্যাপী এ সাক্ষাত অনুষ্ঠানে ৯ জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং খালেদা জিয়ার কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় রংপুর বিভাগের নেতাকর্মীরা আসাদুল হক দুলুকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করায় দলীয় নেত্রীকে অভিনন্দন জানান।
রুদ্ধদ্বার বৈঠকে রংপুরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ চলমান আন্দোলনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, গত ৪ জুলাই বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হক দুলুকে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেন চেয়ারপারসন খালেদা জিয়া।

