|
|
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পারাপার হয়নি
সংগ্রাম ডেস্ক : দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি, যানজট নিরসন, যাত্রী ও শ্রমিক হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় পরিবহন ধর্মঘট চলছে।
রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটে ঢাকা ও জেলাগুলোর মধ্যে দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচলকারী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলাগুলোর অভ্যন্তরীণ রুটে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
যশোর, বাগেরহাট, বরিশাল, রাজবাড়ী ও ফরিদপুর সংবাদদাতা জানান, আন্তঃজেলা বাস সিন্ডিকেট, খুলনা বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ, শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি গত শনিবার যৌথভাবে এ ধর্মঘটের ডাক দেয়।
খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ছয়টি ও ঢাকা বিভাগের পাঁচটি জেলায় এই ধর্মঘট ডাকা হয়।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি ও শ্রমিকদের ওপর নির্যাতন চলছে। ‘‘সংশ্লিষ্টদের বিষয়টি বার বার জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।’’
সরেজমিন ঘুরে জানা গেছে, দৌলতদিয়া ঘাট দিয়ে রোববার কিছু ট্রাক, প্রাইভেট কার ও অন্যান্য গাড়ি ফেরি পারাপার করলেও যাত্রীবাহী কোনো বাস পার হতে দেখা যায়নি।
দিগন্ত পরিবহনের বাগেরহাট কাউন্টারের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, ধর্মঘটের কারণে বাগেরহাট বাস টার্মিনাল থেকে রোববার সকালে কোনো বাস ছাড়েনি। তবে দক্ষিণ-পাশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক এসএম শাহ আলম মুকুল জানান, খুলনা বিভাগের দশটি জেলার এবং ঢাকা বিভাগের ফরিদপুর ও রাজবাড়ী জেলার বাস দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকায় যাতায়াত করে।
ধর্মঘটের কারণে এই ১২টি জেলার সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘অন্য জেলার বাস মাওয়া ঘাট হয়ে চলাচল করছে।’’
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর জানান, বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে এই রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তি ছাড়াও বেনাপোল স্থল বন্দর ও নৌবন্দর শিল্প শহর নওয়াপাড়ায় সব ধরনের পণ্য লোড আনলোড ও পরিবহন বন্ধ রয়েছে বলে বন্দর সংশ্লিলষ্টরা যশোর প্রতিনিধিকে জানিয়েছেন।
আন্তঃজেলা বাস মালিক সিন্ডিকেটের সভাপতি পবিত্র কাপুড়িয়া বলেন, ‘‘পচনশীল পণ্যবাহী ট্রাক ও পিকআপ চলাচল করতে চাইলে তাদেরকে দৌলতদিয়া ফেরিঘাটের পরিবর্তে বিশেষ ব্যবস্থায় যমুনা সেতু ব্যবহার করতে হবে।’’

