Quantcast
ঢাকা, বুধবার 18 July 2012, ৩ শ্রাবণ ১৪১৯, ২৭ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৩৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

জিয়ার মাজারে শ্রদ্ধা শেষে মির্জা ফখরুল

পদ্মা সেতুর দুর্নীতিতে জড়িত রাঘব বোয়ালদের আড়াল করতে সরকার অ্যাকাউন্ট খোলার কথা বলছে

শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্তবক অর্পণ ও মোনাজাত শেষে মিডিআর সামনে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিসহ ১৮ দলীয় জোট দেশে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছে। আমরা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছি। তাই এ মুহূর্তে উপনির্বাচনে অংশগ্রহণ করে চলমান আন্দোলনকে বিতর্কিত করতে চাই না।

গতকাল মঙ্গলবার সকালে নবগঠিত শরিয়তপুর জেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্র্যানি, শরিয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু সহ-সভাপতি অধ্যাপক ডা. কে এ জলিল, ফজলুল করিম মিয়া, আলতাফ হোসেন শিকদার, যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরদার, মাস্টার আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টুসহ অন্যান্য নেতা-কর্মী। মির্জা ফখরুল আরো বলেন, পদ্মাসেতুর দুর্নীতিতে জড়িত রাঘব বোয়ালদের আড়াল করতে এবং সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে সরকার পদ্মাসেতু নির্মাণে দুটি অ্যাকাউন্ট খোলার কথা বলছে। যা তাদের দুর্নীতির ঘটনা অন্যদিকে সরিয়ে নেয়ার কৌশল। তিনি বলেন, সরকার নিজস্ব অর্থায়নে এ সেতু করার কথা বললেও এখনো এর ডিজাইন, প্রকল্প তৈরি হয়নি। কোত্থেকে কত টাকা আসবে, কোথায় টাকা ব্যয় হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে জনগণের কাছ থেকে পদ্মা সেতুর অর্থসংগ্রহের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলছে। এটা একটি চ্যারিটাবল ফান্ডের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিশেষজ্ঞরা বলছেন নিজস্ব অর্থে এত বড় একটি প্রকল্প করা সম্ভব না। কিন্তু সরকার আমলে না নিয়ে বৈদেশিক সাহায্য ছাড়া এ সেতু করার কথা বলছে, যা অসম্ভব। আমরা সরকারকে বলবো এখনো বিশ্বব্যাংকের চিঠিগুলো প্রকাশ করে দুর্নীতিবাজদের শাস্তি দিন। এবং বাতিল হওয়া ঋণচুক্তি পুনরুজ্জীবিত করে বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিন। ড. ইউনূসের বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, তার মতো একজন বরেণ্য ব্যক্তিকে নিয়ে শুরু থেকেই প্রধানমন্ত্রী অশ্লীল, অনভিপ্রেত মন্তব্য করছেন। জাতি প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য আশা না করলেও তিনি স্বভাবসুলভ বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সারাবিশ্বের অর্থনীতিতে ড. ইউনূসের অবদানকে অনুসরণের পাশাপাশি দেশের উন্নয়নে তার সহযোগিতা নিতে পারতাম। কিন্তু সরকার সেটা না করে তাকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দিয়ে দেশের ক্ষতি করছেন। বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলে ড. ইউনূসকে দায়ী করে সরকারের বক্তব্যকে নাকচ করে দিয়ে তিনি বলেন, একজন ব্যক্তির জন্য বিশ্বব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান ঋণচুক্তি বাতিল করেছে এটা অসম্ভব।

বাংলাদেশ মঞ্চের আলোচনা সভা : সরকার দেশকে অন্ধকার সুড়ঙ্গে ফেলে দিয়েছে অভিযোগ তুলে লড়াকু সৈনিকদের এ ভূখন্ড রক্ষার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মঞ্চ আয়োজিত বিপন্ন গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সাংস্কৃতিক অবক্ষয়, রুখে দাঁড়াবার এখনই সময়' শীর্ষক আলোচনা সভায় দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, বাংলাদেশ অন্ধকার সুড়ঙ্গের ভেতরে পড়ে গেছে। সরকারই এ সুড়ঙ্গের মধ্যে দেশকে ফেলে দিয়েছে। এ ভূখন্ড রক্ষার জন্য লড়াকু সৈনিকদের লড়াই করতে হবে। তিনি বলেন, আমাদের লড়াই করে বেঁচে থাকতে হবে এবং এই লড়াই চালিয়ে যেতে হবে। যে কঠিন সংগ্রাম আমাদের করতে হবে তাতে পরাজিত হওয়া যাবে না। এ সংগ্রাম অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এ সংগ্রামে জয়ী হতে হবে। ফখরুল বলেন, এদেশের যুবকরা ফেলানী হত্যার বিরুদ্ধে নেমে আসেনি। কিন্তু শাহরুখ খান বাংলাদেশে এলে সেখানে যুবকদের ঢল নেমেছে। এই যুবকদের সংগ্রামে সামিল করার জন্য গ্রাম-মহল্লা-ইউনিয়নে ইউনিয়নে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

বিশিষ্ট সাংবাদিক এরশাদ মজুমদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে প্রফেসর ড. খলীলুর রহমান, প্রফেসর ড. আমজাদ হোসেন, অধ্যক্ষ মাহবুব আলম, বিশিষ্ট সাংবাদিক এলাহী নেওয়াজ খান, ছড়াকার আবু সালেহ প্রমুখ বক্তব্য রাখেন।