|
|
সংগ্রাম ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘আমরা কারো কাছে হাত পাততে চাই না। আমরা চাই স্বনির্ভর হতে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কারো কাছে ভিক্ষা-খয়রাত চাই না।’’ বার্তা ২৪ ডটনেট জানায়, মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শ্রমিক লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা নিজস্ব অর্থে পদ্মাসেতু নির্মাণ করে বিশ্ববাসীকে দেখিয়ে দেবো- আমরাও পারি।’’ প্রধানমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘‘আওয়ামী লীগ কৃষক শ্রমিকদের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শ্রমিকদের বেতন ভাতা বাড়িয়েছে। আমি নিজে মালিকদের চাপ দিয়ে এক হাজার ৫০০ টাকার বেতন তিন হাজার টাকা করেছি। মজুরি কমিশন ঘোষণা করেছি, সর্বনিম্ন মজুরি দুই হাজার ৫০০ টাকা থেকে চার হাজার ৫০০ টাকা করেছি।’’
তিনি বলেন, ‘‘বন্ধ কলকারখানা চালু করেছি, খাদ্য উপাদন বৃদ্ধি করেছি, শিক্ষার হার, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, জঙ্গিবাদ সন্ত্রাস বন্ধ করেছি।’’
শেখ হাসিনা বলেন, ‘‘কিন্তু বিএনপি বলছে, তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব প্রকল্প বন্ধ করে দেবে। তার মানে তারা চালু কারখানা বন্ধ করে দেবে, বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেবে, শিক্ষার হার কমাবে, আওয়ামী লীগের সব উন্নয়ন কাজ বন্ধ দেবে।’’
তিনি বলেন, ‘‘তবে আমি জানি, যারা সন্ত্রাস দুর্নীতি জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি করেছিল দেশের মানুষ আর তাদের ভোট দেবে না। দেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস, হাওয়া ভবনের লুটপাট আর দুর্নীতি চায় না।’’

