|
|
স্টাফ রিপোর্টার : উচ্চ মাধ্যমিকে পাস করেও আসনের অভাবে কেউ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না- এমন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করে তিনি বলেন, আসনের অভাবে কেউ পড়তে পারবে না এমন হবে না। সবাই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পবে।
মন্ত্রী বলেন, নতুন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ার পাশাপাশি প্রতিবছরই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসন সংখ্যা বাড়ছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তির (সব বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে এক পদ্ধতিতে পরীক্ষা) বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে ভিসিরা এখনো একমত হতে পারেননি জানিয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেয়া হবে। চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন। এ ফলাফলে সব সূচকেই উন্নতি হয়েছে দাবি করে নাহিদ বলেন, এটা প্রমাণ করে যে, শিক্ষার মান এবং শিক্ষা ব্যবস্থাপনার উন্নতি হচ্ছে। মন্ত্রী বলেন, এবার ৭৮ দশমিক ২৩ শতাংশ ছাত্র এবং ৭৯ দশমিক ১৯ শতাংশ ছাত্রী পাস করেছে। ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় শূন্য দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট বেশি। এবার মানবিকের শিক্ষার্থীরা আগের তুলনায় ভালো ফল করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বৈষম্য দিন দিন কমে আসছে। গ্রামের বেশিরভাগ শিক্ষার্থীই মানবিকে পড়াশোনা করে। যেসব কলেজ থেকে একজনও পাস করতে পারেনি সেসব কলেজে বিশেষ দৃষ্টি দিতে হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অবশ্যই এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। চলতি বছর এক হাজার ৩৬টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ২৪টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। এবার মঙ্গা অঞ্চল, হাওড় ও পাহাড়ী অঞ্চলে শিক্ষার্থী পাসের হার সন্তোষজনক উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এজন্যই সিলেট বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি।
অন্যদের মধ্যে শিক্ষাসচিব কামাল আবদুন নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

