|
|
গতকাল শনিবার ইস্কাটন লেডিস ক্লাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতিম, আলেম ও ওলামা-মাশায়েখের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : প্রতিবারের ন্যায় এবারো পবিত্র মাহে রমযানের প্রথম রোজায় এতিম এবং আলেম-ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। ইস্কাটনের লেডিস ক্লাবে তাদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেন তিনি। ইফতার শুরুর আগে বিএনপি চেয়ারপার্সন আমন্ত্রিত এতিম এবং আলেম-ওলামা-মাশায়েখদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি শিশু এতিম শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের খোঁজ-খবর নেন। পরে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
ইফতারে তেজগাঁওয়ের রহমতে আলম মিশন, শান্তিনগর ও ফকিরেরপুলের মাদরাসা ও এতিমখানার দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে একই টেবিলে বসে কয়েকজন এতিম শিশু শিক্ষার্থীসহ ইফতার করেন চট্টগ্রাম জামেয়া দারুল মায়ারিফ আল ইসলামিয়া'র অধ্যক্ষ মাওলানা সুলতান যওক নদভী, হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম এর প্রধান মুহাদ্দিস মাওলানা হাফেজ সামসুল আলম, নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, চট্টগ্রামের মীরেরসরাইয়ের পীর সাহেব মাওলানা আবদুল মোমেন নাছেরী, হেফাজত ইসলাম বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা মঈনুদ্দিন রুহী ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।
ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, লে. জে. অব. মাহবুবুর রহমান, এম কে আনোয়ার এমপি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমপি, আ স ম হান্নান শাহ, বেগম সারোয়ারি রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, তার উপদেষ্টা আবদুল কাইয়ুম, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-শিল্প বিষয়ক সম্পাদক শাহজাদা মিয়া, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

