|
|
বুয়েট পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল শনিবার বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের জন্য গর্ব ও অহংকার। এ প্রতিষ্ঠানটির একটি নিজস্ব সুনাম ও সুখ্যাতি রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ দেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে বিরাজমান পরিস্থিতিতে এখানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন। অতীতে কোন সরকারের আমলেই এ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি। সবসময় এ প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদার দিকে লক্ষ্য রাখা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের ছত্রছায়ায় এ শিক্ষাপ্রতিষ্ঠানটিকে দলীয়করণের অপচেষ্টার কারণেই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বুয়েটে বিরাজমান পরিস্থিতির জন্য সরকারের একদলীয় মানসিকতাই দায়ী। সরকারের মদদেই বুয়েটের ভিসি ও প্রভিসি ক্ষমতায় টিকে থাকার জন্য যাচ্ছেতাই বলছে এবং হুমকি-ধামকি দিয়ে পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বুয়েটের ভিসি ও প্রভিসির খামখেয়ালী ও দুর্নীতির কারনেই ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলী আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। সরকারের মদদেই ভিসি ও প্রোভিসি শুধুমাত্র তাদের ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য মরিয়া হয়ে উঠছেন এবং ষড়যন্ত্র করার কারণেই আন্দোলনরত শিক্ষকগণ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হচ্ছেন।
তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের দাবি অনুযায়ী বর্তমান ভিসি ও প্রো-ভিসি পদত্যাগ করে সরে দাঁড়ালেই সৃষ্ট সমস্যার সমাধান হতে পারে ও প্রতিষ্ঠানটির সুনাম ও স্বচ্ছতা ফিরে আসতে পারে। প্রতিষ্ঠানটির সুনাম ও স্বচ্ছতা অক্ষুণ্ণ রাখার জন্য বর্তমান ভিসি ও প্রোভিসির সরে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। বর্তমান পরিস্থিতিতে জাতির সামনে এর কোন বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, দেশ ও জাতির স্বার্থে সংশ্লিষ্টরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন।

