|
|
গতকাল সোমবার সংসদ ভবনের এলডি হলের সামনে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ইফতার মাহফিলের আয়োজন করেন -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গতকাল সোমবার ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। সংসদ ভবন প্রাঙ্গণে তাদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেন খালেদা জিয়া। ইফতারের আগে বিরোধী দলীয় নেতা আমন্ত্রিত রাজনীতিবিদদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার পার্টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমন্ডলীর সদস্যসহ এবং মহাজোটের শরিকদের আমন্ত্রণ জানানো হলেও জাতীয় পার্টি ছাড়া কেউই আসেনি।
মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ কে এম নাজির আহমদ, জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ইসলামিক পার্টির সভাপতি এডভোকেট আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খোন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ-এর জেবেল রহমান গানি, মুসলিম লীগের এ এইচ এম কামারুজ্জামান, ন্যাপ-ভাসানীর শেখ আনোয়ারুল হক, পিপলস পার্টির গরীব নেওয়াজ, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক পার্টির সাইফুদ্দিন মনি প্রমুখ একই টেবিলে বসে ইফতার করেন।
মঞ্চে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. অব. মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আববাস, ড. আবদুল মঈন খান প্রমুখ।
রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আবদুস সোবহান, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, এটিএম মাছুম, ঢাকা মহানগর নায়েবে আমীর হামিদুর রহমান আযাদ এমপি, চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা শামসুল ইসলাম এমপি, ঢাকা মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম, জাসদ-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিজেপি মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোট মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের, জাগপা সেক্রেটারি ড. ফরিদুজ্জমান ফরহাদ, গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ, ড. এম ওসামন ফারুক, ডা এজেডেএম জাহিদ হোসেন, আবদুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, ইনাম আহমেদ চৌধুরী, শওকত মাহমুদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা যোগ দেন।
ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করা হয়।

