|
|
বিজিবির চিঠিতে সাড়া দেয়নি বিএসএফ
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ'র হাতে আটক বাংলাদেশী ২ যুবককে গতকাল সোমবারও ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি'র পক্ষ থেকে আটক বাংলাদেশী ২ যুবককে ফেরত চেয়ে গত ২ দিন ধরে একাধিকবার বিএসএফকে চিঠি দিলেও এতে কোন সাড়া দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
গত রোববার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামত নিজ্জমা সীমান্ত থেকে জলপাইগুড়ির রতনপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শহিদুল ও সাইদুল নামে বাংলাদেশী ২ যুবককে গরু পার করার সময় আটক করেন। আটক শহিদুল ইসলাম (২৮) ঝালঙ্গী গ্রামের আজিজার রহমানের ও সাইদুল ইসলাম (৩৭) বেলেরবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। বাংলাদেশী ২ যুবককে ধরে নিয়ে যাওয়ার খবরে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খান মোহাম্মদ সালেহ উদ্দিন জানান, ভারতীয় বিএসএফ'র হাতে আটক বাংলাদেশী ২ যুবককে ফেরত চেয়ে বিজিবি'র পক্ষ থেকে ২ দিন ধরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি পতাকা বৈঠকেরও আহবান জানানো হয়েছে। কিন্তু গতকাল (সোমবার দুপুর ২টা ৩০ মিনিট) পর্যন্ত বিএসএফ'র কোন সাড়া পাওয়া যায়নি।

