|
|
ঢাকা চেম্বার আয়োজিত আলোচনা সভায় মার্কিন রাষ্ট্রদূত
গতকাল শনিবার ডিসিসিআই আয়োজিত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা -সংগ্রাম
বাংলানিউজ : রফতানি বাড়াতে পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
তিনি বলেন, বাংলাদেশের রফতানি বৃদ্ধির জন্য পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। বিদেশী বিনিয়োগ আকৃষ্ট কার জন্য সমুদ্রবন্দর, সড়ক ও রেল যোগাযোগ অবকাঠামো, জ্বালানি ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতা এবং দুর্নীতি দূর করতে হবে।
গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক: সম্ভাবনার দিগন্ত' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশের শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা রয়েছে। জাহাজ নিমার্ণ, ফার্মাসিউটিক্যালস, চামড়া ও চামড়াজত পণ্য, তথ্যপ্রযুক্তি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ এবং সিল্ক খাতেও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরো বলেন, সবার শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে এদেশের সাধারণ মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন সম্পর্কে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে বর্তমানে যে ধরনের চেষ্টা চলছে, এতে আমরা এর সম্মানজনক সমাধানের ব্যাপারে আশাবাদী। যুক্তরাষ্ট্রের বাজারে অধিকতর প্রবেশের স্বার্থে পোশাকশিল্পকে জিএসপি তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্রান্ড কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কম দামে ভালো পণ্য আমদানি করতে পারে।
টিআইসিএফএ প্রসঙ্গে তিনি বলেন, টিআইসিএফএ বিষয়ে দু'দেশের আলোচনা এমনভাবে করা উচিত যেন, এ থেকে দু'দেশেই লাভবান হতে পারে।’’ বিষয়টিকে আরো স্বচ্ছ এবং ব্যবসাবান্ধব করার জন্য বেসরকারিখাতকে এ আলোচনায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম, ডিসিসিআইর সাবেক সভাপতি হোসেন খালেদ, বেনজীর আহমদ, সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. গোলাম মোয়াজ্জেম, ডিসিসিআই পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরী, এম বশির উল্লাহ ভূঁইয়া, মাহাবুব আনাম, টি আই এম নূরুল কবীর, ওসমান গনি প্রমুখ।

