|
|
সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নির্মাণাধীন একটি গুদামে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে নিহত পিতা-পুত্রসহ ৫ শ্রমিকের লাশ -সংগ্রাম
সিদ্ধিরগঞ্জ (না.গঞ্জ) সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নির্মাণাধীন একটি পার্কের গুদামে সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় পিতা-পুত্রসহ ৫ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাজবাড়ী জেলার রমনাবাগ গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে আক্কু মিয়া (৫০), আক্কু মিয়ার ছেলে রাকিব (২০), শিংগাইর বাজার গ্রামের সাহেব শেখের ছেলে জাহিদ হোসেন (২৫), পাগলিকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে আসির উদ্দিন (২২) ও কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার কুড়িপাড়া গ্রামের শামসুল হকের ছেলে নাজমুল (২২)। তাদের মৃত্যুতে সহকর্মী শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দিবাগত গভীর রাতের কোন এক সময় নির্মাণাধীন আর কে গ্রীনল্যান্ড পার্কে এ ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শ্রমিক ঠিকাদার ইসহাক মিয়া জানিয়েছেন, সকালে কাজ শুরু হওয়ার পর ওই শ্রমিকদের কাজে না পেয়ে তাদের মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পান। এরপর খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে সকাল ৬টা ৫৫ মিনিটে সিমেন্ট রাখার ওই গুদামের ভিতর গিয়ে দেখেন ওই শ্রমিকরা বস্তার নিচে চাপা পড়ে আছে। এরপর তিনি মালিক পক্ষকে জানান এবং শ্রমিক সরদার কালু মিয়াসহ অন্য শ্রমিকদের নিয়ে সিমেন্টের বস্তাগুলো সরিয়ে এর নীচ থেকে ওই ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে কখন নিহতরা ওই ঘরে ঘুমাতে গিয়েছিলেন তা তিনি বলতে পারেননি।
অপরদিকে প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক আবুল হোসেন পাঠান বলেছেন, ভূমিকম্পে সিমেন্টের বস্তা ধসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি দাবি করেন, শ্রমিকদের নিরাপদে থাকার ব্যবস্থা সেখানে রয়েছে। কিন্তু কেন তারা ওই গুদামে রাতে ছিলেন এর কারণ তিনি বলতে পারেননি। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বলেছেন, ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকদের মৃত্যুর ঘটনায় কারো কোন অবহেলা ছিল কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে তিনি জানান।

