|
|
সিএমএম'র আদেশে আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ
স্টাফ রিপোর্টার : হরতালের দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে হাইকোর্টে। যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ না করে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার-ট্রাইব্যুনাল-৭ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এই রিট আবেদনে। এতে সরকারী প্রজ্ঞাপন ছাড়া ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদেশে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন কেন অবৈধ ও বেআইনী হবেনা তা জানাতে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি মামলার বিচারিক কার্যক্রম কেন বাতিল করা হবেনা এ মর্মেও রুল চাওয়া হয়েছে।
গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য। একইসঙ্গে মামলাটির আসামী।
রিট আবেদনে সরকারের আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব, জন প্রশাসন সচিব, ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা, মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, আইন-শৃংখলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধিত ২০১০) এর ৮(১) ধারা অনুযায়ী গেজেট (প্রজ্ঞাপন) বিজ্ঞপ্তি জারি করে দ্রুত বিচার আদালত গঠন এবং অধিক্ষেত্র নির্ধারণ করবে সরকার। একইসঙ্গে ৮(২) অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে সরকার। আইনের এ নির্দেশনা কার্যকর না করে সিএমএম বিকাশ কুমার সাহা গত ৯ মে প্রশাসনিক আদেশে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহকে দ্রুত বিচার আদালতের বিচারক নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তার অধিক্ষেত্র হিসেবে চারটি থানা- তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরে বাংলা নগর ও রমনা নির্ধারণ করেছেন। দ্রুত বিচার আইন অনুযায়ী দ্রুত বিচার আদালত গঠনের এখতিয়ার তার নেই। তা সত্ত্বেও তিনি বেআইনীভাবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছেন।
আইন-শৃংখলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৮ (১) ধারায় বলা হয়েছে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রত্যেক জেলায় মেট্রোপলিটন এলাকায় এক বা একাধিক দ্রুত বিচার আদালত গঠন করিতে পারিবে। উক্ত প্রজ্ঞাপনে প্রত্যেকটি দ্রুত বিচার আদালতের স্থানীয় অধিক্ষেত্র নির্বাচন করিয়া দিতে পারিবে'।
আইনের এই ধারা অনুযায়ী সরকার কোন প্রজ্ঞাপন জারি করেনি। গত ২৯ মে সিএমএম ২৪৮ নম্বর স্মারকে দ্রুত বিচার আদালত-৭ গঠন করেন। বিচারকের দায়িত্ব দেন মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহকে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৭-এ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলাটি বিচারাধীন। গত ৩ জুলাই এ মামলায় চার্জগঠনের আদেশ দেন বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ। গত ২৫ জুলাই এ মামলায় চার্জগঠনের বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও শুনানি মুলতবি করে ৩১ জুলাই পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।
এ মামলার ৪৬ অভিযুক্তের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ জন জামিনে আছেন। তিনজন আটক আছেন কারাগারে।
অভিযুক্তরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, বিগ্রেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, ড. খোন্দকার মোশাররফ হোসেন, মির্জা আববাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সাবেক নেতা কামরুজ্জামান রতন, বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, স্বনির্ভর সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সংসদ সদস্য ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, ঢাকা মহানগর যুবদলের সেক্রেটারি রফিকুল ইসলাম মজনু, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আহবায়ক ইয়াসিন আলী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আ. মতিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ লিটু, বিএনপি নেতা ও ৩৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল বাসার, বিএনপি নেতা ও ৪০ নং ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা বিএনপি নেতা লুৎফর রহমান ওরফে এল রহমান, বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক নবী সোলায়মান, খিলগাঁও থানা বিএনপির সভাপতি সাবেক কমিশনার ইউনুস মৃধা, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল খান শাহীন, স্বেচ্ছাসেবক দল মোহাম্মাদপুর থানা শাখার সভাপতি মান্নান হোসেন শাহীন, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সম্পাদক ওবায়দুল হক নাসির।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও সেক্রেটারি আব্দুল জববার।
গত ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল জববারের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়।

