|
|
বিডিনিউজ : বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্যরা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্যরা তাদের সমস্যা এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী তাদের সমস্যার কথা ধৈর্য্য নিয়ে শোনেন এবং বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আর্থিকভাবে সচ্ছল করার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে সাবেক ছাত্ররা উদ্যোগ নিতে পারেন। তবে সরকারের পক্ষ থেকেও সহায়তা দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা সমাধানে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক ডরমেটরি করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এগুলো নির্মাণের ক্ষেত্রে প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ অক্ষত রাখার ওপর গুরুত্ব দিতে হবে। যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বিআরটিসির বাস বিভিন্ন রুটে চলছে জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেও একই ধরনের ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও মতবিনিময় করেন। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজিম আরিফ, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

