Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 2 August 2012, ১৮ শ্রাবণ ১৪১৯, ১৩ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৩১৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ

শাওন ও মাজহারের বিরুদ্ধে হুমায়ূন আহমেদ হত্যা মামলা দায়ের

হুমায়ূন আহমেদ

জামালুদ্দিন হাওলাদার, চট্টগ্রাম : প্রয়াত লেখক হুমায়ূন আহমেদকে  হত্যার অভিযোগে মেহের আফরোজ শাওনসহ ২ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী।  গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হকের আদালতে হত্যা মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হক। মামলায় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি দন্ডবিধির ১২০(খ), ৩০২, ৩০৪ (ক), ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। চট্টগ্রাম বারের আইনজীবী এ্যাডভোকেট নজরুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ঢাকা  থেকে প্রকাশিত দৈনিক আমার দেশের বার্তা সম্পাদক, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এবং কবি- লেখক আবদুল হাই শিকদারকে সাক্ষী করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলায় অর্থ ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে ও পরস্পরের যোগসাজশে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে মামলার আরজিতে বলা হয়েছে, অপারেশনের পর গত ১৭ জুলাই হুমায়ূন আহমেদ তার আমেরিকার ভাড়া বাসায় চেয়ার থেকে পড়ে গেলে তার সেলাই খুলে গিয়ে প্রচন্ড ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্ত্রী শাওন যে হাসপাতালে অপারেশন হয়েছিল সেই হাসপাতালে না নিয়ে পরদিন অখ্যাত জ্যামাইকা হাসপাতালে নিয়ে যান। সেখানে শাওন ও মাজহার কর্তব্যরত চিকিৎসক ডা. মিলারের কাছে হুমায়ূনের চেয়ার থেকে পড়ে যাবার ঘটনা সম্পূর্ণ গোপন রাখেন।এর আগে হুমায়ূন আহমেদ সুস্থ হয়ে বেলভ্যু হাসপাতাল থেকে বাসায় ফিরে আসার পর ১২ জুলাই সন্ধ্যায় শাওন ও মাজহার আমেরিকার ভাড়া বাসায় একটি পার্টির আয়োজন করেন। সেখানে অসুস্থ ক্যান্সার আক্রান্ত হুমায়ূনকে মাংস ও পানীয় খেতে দেন শাওন ও মাজহার। এছাড়া অপারেশনের সময় মাজহার ও শাওন দু'ঘন্টা হাসপাতালে না থেকে অজ্ঞাতস্থানে ছিলেন। অর্থাভাবে অপারেশন বিলম্ব হওয়ার কথা শাওন প্রচার করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার ব্যয়ভার বহনের প্রস্তাব দিলেও শাওন সে প্রস্তাব ফিরিয়ে দেন। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার ডলারের চেক  জোর করে হুমায়ূন আহমেদের হাতে তুলে দেন। এদিকে শাওন প্রচার করেন, অর্থাভাবে হুমায়ূন আহমেদকে বিশ্ববিখ্যাত স্পোয়ান মেমোরিয়াল ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব হয়নি। অথচ ওই হাসপাতালের চিকিৎসক তাকে শতভাগ সুস্থ করা সম্ভব বলে জানিয়েছিলেন। ১৭ জুলাই ও ১৮ জুলাই বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে ফোন করে হুমায়ূনের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে শাওন ও মাজহার তাকে লাইফ সাপোর্ট দেয়ার বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাদীর কাছে প্রতীয়মান হয়েছে, শাওন ও মাজহার বিপুল পরিমাণ সম্পত্তি ও নগদ টাকা যা শাওনের কাছে গচ্ছিত ছিল, তা আত্মসাৎ করার জন্য এবং মাজহারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য তুচ্ছতাচ্ছিল্যভাবে চিকিৎসা করিয়ে সুপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে হুমায়ূন আহমেদকে হত্যা করেছে। এটি একটি ষড়যন্ত্রমূলক জঘন্য পরিকল্পিত হত্যাকান্ড।

গত ১৯ জুলাই নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ অস্ত্রোপচার পরবর্তী জীবাণু সংক্রমণে (ইনফেকশন)  মারা যান। সেখানে জানাজা শেষে ২৩ জুলাই সকাল ০৮টা ৫৫ মিনিটে তার মরদেহ ঢাকায় আনা হয়। শাহজালাল বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় হলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও জাতীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে তার লাশ বারডেম হাসপাতালে হিমঘরে রাখা হয়। ২৩ জুলাই রাতভর পরিবারের সদস্যদের মধ্যে চলে হুমায়ূন আহমেদের দাফন নিয়ে একের পর এক বৈঠক। হুমায়ূনের মা আয়েশা ফয়েজ ও তিন সন্তান নোভা, শীলা ও নুহাশ তাকে ঢাকায় দাফন করার কথা বললেও তাতে বাধ সাধেন হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন। শেষ পর্যন্ত শাওনের ইচ্ছারই জয় হয়। শাওনের ইচ্ছায় ২৪ জুলাই তাকে দাফন করা হয় গাজীপুরের নুহাশ পল্লীতে।

 এদিকে, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকেই নিউইয়র্কে ও পরে দেশে তার মৃত্যু নিয়ে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হতে থাকে। অনেকেরই অভিযোগ পারিবারিক অবহেলায় মৃত্যু হয়েছে হুমায়ূন আহেমেদের। তারই জের ধরে বুধবার চট্টগ্রামের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে মামলার বাদী এডভোকেট নজরুল ইসলাম জানান।