|
|
জামায়াতের প্রতিবাদ কর্মসূচি আজ
গাড়ী পোড়ানোর মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জন নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করে দ্রুত বিচার আইনে মামলা চালানোর সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান গতকাল বুধবার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সরকার ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের কারাগারে বন্দী করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ষড়যন্ত্র করছে। এ মামলায় গাড়ী পোড়ানোসহ যে সব অভিযোগ করা হয়েছে তার কোন ভিত্তি নেই। ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তার সাথে নেতৃবৃন্দের কোন সম্পর্ক নেই। তাদের রাজনৈতিকভাবে হয়রানি করার হীনউদ্দেশ্যেই তাদেরকে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সরকার বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়েই মিথ্যা মামলা দিয়ে তাদের ঘায়েল করার ষড়যন্ত্র করছে। সরকারের উদ্দেশ্য বিরোধী দলের আন্দোলন দমন করে গায়ের জোরে ক্ষমতায় থাকা। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘‘আমি সরকারের উদ্দেশ্যেই বলতে চাই, ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের আন্দোলন দমন করা যাবে না। দেশের জনগণ সরকারের স্বৈরশাসন মানবে না। এ সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে ঈদের পরে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। সেই সাথে মকবুল আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’’
আজ প্রতিবাদ কর্মসূচি
সরকারের হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন এবং বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের হত্যা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সরকার মিথ্যা অভিযোগের ভিত্তিতে যে চার্জশিট প্রদান করেছে তা প্রত্যাহার করে তাদের সবাইকে ঐ মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচি সফল করার জন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।

