|
|
বাসস : সরকার কৃষি গবেষণা ত্বরান্বিত করতে দেশে আরো একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহীতে স্থাপিত হবে।
সমিতির সভাপতি অধ্যাপক অলক কুমার পাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোফাজ্জল হোসেইন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ভিসি অধ্যাপক শাদাত উল্লা এবং সমিতির অন্যান্য কর্মকর্তা প্রতিনিধিদলে ছিলেন।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশে খাদ্য চাহিদা কমবে না। এজন্য গবেষণা খুবই জরুরি।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যে, বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণা এবং কলেজ একাডেমিক কার্যক্রমের স্থান। কাজেই একাডেমিক সনদ দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর একমাত্র কার্যক্রম হওয়া বাঞ্ছনীয় নয়।
সরকার প্রাকৃতিক পরিবেশের বিবেচনায় দেশের উত্তরাঞ্চলকে গম ও ভুট্টার ভান্ডার এবং দক্ষিণাঞ্চলকে ধানের গুদামে পরিণত করার চেষ্টা করছে।
তিনি কৃষিবিদদের প্রতি খাদ্য প্রক্রিয়াকরণের ওপর গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে বলেন, প্রায় ৮৫ লাখ প্রবাসী বাংলাদেশীর জন্য প্রক্রিয়াজাত খাদ্য রফতানি করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ‘ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র' চালু করা হয়েছে। তারা তার কাছে বিভিন্ন দাবি পেশ করেন।
প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

