|
|
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডারদের হাতে অপহরণের শিকার শাটল ট্রে্নচালক ৫ ঘণ্টা পর জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন। তাকে চোখ বাধা অবস্থায় গতকাল বেলা ৩টার দিকে চট্টগ্রাম মহানগরের ষোলশহর ২নং গেট এলাকায় ছেড়ে দেয়া হয়। গতকাল রোববার সকাল পৌনে ১১টায় ষোলশহর এলাকায় ট্রেন থেকে অপহৃত হন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শাটল ট্রেন চালকের নাম কামরুল হুদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের সহকারী চালক (এএলএম)। এ ঘটনার পর দীর্ঘ ৫ ঘণ্টা শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ষোলশহর রেলস্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময় আন্তঃকোন্দলের জের ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা তাকে চাবিসহ অপহরণ করে নিয়ে যায়। এরপর দীর্ঘ ৫ ঘণ্টা তাকে আটকে রাখে। বেলা ৩টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকায় চোখ বাধা অবস্থায় তাকে ছেড়ে দেয়া হয়। এরপরই চবির সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রোববার ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ছাত্রলীগের সভাপতি মামুন ও সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সিকদার গ্রুপের হামলায় চার কর্মী আহত হন। এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মাসুম (২৩), ৩য় বর্ষের শাফিন (২২), ইতিহাসের মাস্টার্সের ছাত্র সাজ্জাদ হোসেন (২৪) ও ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ রাসেল (২৩)। সূত্র জানায়, ছাত্রলীগের সভাপতি মামুনুল হক (মামুন) ও সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সিকদারের মধ্যে দীর্ঘদিন ধরেই আন্তঃকোন্দল চলছে। এ নিয়ে শনিবার বিশ্ববিদ্যালয়ে আবুল মনসুর সিকদার গ্রুপের কর্মী হিসেবে পরিচিত এক কর্মীর ওপর হামলা করে মামুন গ্রুপের কর্মীরা। এরপর প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন ছাত্রলীগের নেতাদের সঙ্গে আলোচনার পরও কোন সমাধানে আসতে পারেনি উভয় পক্ষ। এর পরিপ্রেক্ষিতেই রোববার ভোরে ফের শাহজালাল হলে হামলা চালায় মামুন গ্রুপের কর্মীরা। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে ছাত্রলীগ চবি শাখার সহ-সভাপতি আবুল মনসুর সিকদার বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গ্রুপিং সৃষ্টি করে নানা ধরনের কর্মকান্ড করাচ্ছেন। অন্যদিকে, সভাপতি মামুনুল হক বলেন, শাটল ট্রেনের চালককে যারা অপহরণ করেছে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুন।

