Quantcast
ঢাকা, বুধবার 8 August 2012, ২৪ শ্রাবণ ১৪১৯, ১৯ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে

শিবচরে আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে ঘর বাড়ি মালামাল লুটপাট\ আহত অন্তত ৫০

শিবচর মাদারীপুর থেকে : গতকাল মঙ্গলবার সকালে শিবচর উপজেলার কুতুবপুরে তুচ্ছ ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান  দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ সংঘটিত হয়েছে। সংঘর্ষকালে ঘর বাড়িতে লুটপাট ছাড়াও উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশের একাধিক টিম, রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও সংঘর্ষের আংশকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা ও আতংক বিরাজ করছে।

একাধিক সূত্রে জানা যায়, উপজেলার কুতুবপুরে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা  ইউপি চেয়ারম্যান মনোয়ার বেপারির গ্রুপের সাথে যুবলীগ নেতা আতিক মাদবর গ্রুপের বিরোধ চলছিল। সম্প্রতি কুতুবপুর বাজারে একটি দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে তীব্র বিরোধ দেখা দেয়। গত সোমবার বাড়ির উঠানে পেঁপে গাছ কাটাকে কেন্দ্র করে যুবলীগ নেতা আতিক মাদবরের সমর্থক মোহন মাদবরের সাথে ইউপি চেয়ারম্যান মনোয়ার বেপারির সমর্থক দবির মাদবর ও রাজ্জাক মোড়লের লোকজনদের সাথে মারামারি হয়। এ ঘটনার জের ধরে  গতকাল মঙ্গলবার সকালে আতিক মাদবরের সমর্থকরা ইউপি চেয়ারম্যান মনোয়ার বেপারির সমর্থক মোড়ল গোষ্ঠীর বাড়ি ঘরে হামলা  চালায়। এসময় হামলাকারীরা অন্তত ৬টি ঘরে ব্যাপক লুটপাট চালায় ও তছনছ করে। খবর পেয়ে মনোয়ার বেপারিও তার লোকজন নিয়ে বাজারে অবস্থান নেয়। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ভয়ে বাজারের দোকানীরা শতাধিক দোকানপাট বন্ধ করে পালিয়ে যায় ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মুহুর্মুহু ইট পাটকেল ছোঁড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় বাজারসহ সর্বত্র চরম আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এসআই নিউটন দত্ত আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। পরে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে থানার একাধিক টিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, পৌরসভা মেয়র লতিফ মোল্লা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সোহরাব মোড়ল (৫৫), দবীর মাদবর (৬০), ময়না আক্তার (১২), জাহিদুল সরদার (১৬), রিয়াজউদ্দিন বেপারি (২৪), নাহিদ বেপারি (১৮), রাজ্জাক মোড়ল (৬৫), মজিবর মোড়ল (৪০),  শরীফ (১৭), বাবুল মুন্সী (৩৮), মোসলেম হাওলাদার (৪০), সেকান্দার মাদবর (৩৪), সোবাহান (২৮), অজুফা বেগম (৪৫), মোকসেদ হাওলাদার (৩৫), রনি মাদবর (৩০), হাফিজুর ঢালী (২২), নজরুল কাজীসহ (৪০) ২০ জনকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া হারুন মোড়ল (৩৫) ও জলিল মোড়লকে (২৫) আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিরা এলাকায় থেকে চিকিৎসা নিয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী বলেন, সরকারদলীয় এই দুই গ্রুপ তুচ্ছ সব ঘটনায় বাজারে লঙ্কাকান্ড বাধায়। এখানকার মানুষ এদের ক্ষমতার কাছে জিম্মি। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ায় দিনদিন বেপরোয়া হচ্ছে।

ইউপি চেয়ারম্যান মনোয়ার বেপারি  বলেন, আতিক মাদবরের লোকজন সকালে মোড়ল গোষ্ঠীর বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট তছনছ করেছে। ওরা মোটরসাইকেল, গরুসহ অনেক জিনিস-পত্র লুটপাট করে নিয়ে গেছে।

যুবলীগ নেতা আতিক মাদবর বলেন, চেয়ারম্যানের লোকজন সবসময় মারামারির জন্য প্রস্তুত থাকে। কথায় কথায় মারামারি করে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় ৪ জন কর্মকর্তাসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থানায় কোন অভিযোগ করেনি।