Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 9 August 2012, ২৫ শ্রাবণ ১৪১৯, ২০ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩০৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

প্রধানমন্ত্রীর উদ্দেশে এম কে আনোয়ার

দুর্নীতির দায়ে পদত্যাগ করলে জনগণ আপনাকে ‘দেশপ্রেমিক' উপাধি দিবে

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে দেশনেত্রী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপি -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, দুর্নীতির কারণে মন্ত্রী আবুল হোসেন পদত্যাগ করায় আপনি তাকে দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন। এটা এখন স্বীকৃত যে, আপনি  ও আপনার পরিবারের সদস্যরাও দুর্নীতির সাথে জড়িত। এবার আপনি দুর্নীতির দায়ে পদত্যাগ করুন। দেশবাসী আপনাকেও ‘দেশপ্রেমিক' উপাধিতে ভূষিত করবে। তিনি বলেন, তত্ত্বাবধায়কের দাবি কেবল বিএনপির নয়। এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। বিএনপির একার পক্ষে এ নিয়ে সমঝোতা করার কোনো সুযোগ নেই। তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা যে নামই দেন না কেন, আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। গতকাল  বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দেশনেত্রী ফোরাম আয়োজিত ‘আধুনিক বাংলাদেশের রূপকার খালেদা জিয়া ও আজকের বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফোরামের উপদেষ্টা আতাউর রহমান আতার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা ডা. মাজহারুল ইসলাম দোলন, শহীদ চৌধুরী, হেলেন জেরিন খান, ইসহাক সরকার, নবীউল্লাহ নবী প্রমুখ বক্তব্য রাখেন।

এম কে আনোয়ার বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ এই সরকার দেশকে মহাসংকটের দিকে ঠেলে দিচ্ছে। তারা এখন পর্যন্ত একটি নির্বাচনী ওয়াদারও বাস্তবায়ন করতে পারেনি। এই দলটি ৭২-৭৫ সালে যখন ক্ষমতায় ছিল তখনো একটি ওয়াদাও পূরণ করেনি। তিনি বলেন, মুক্তিযুদ্ধে আমাদের মূল চেতনা ছিল গণতন্ত্র এবং মৌলিক অধিকার রক্ষা। কিন্তু ক্ষমতায় এসেই আ.লীগ দেশের গণতন্ত্রকে হরণ করে বাকশাল প্রতিষ্ঠা করেছে। তারা মানবাধিকার লংঘনের সকল রেকর্ড় অতিক্রম করেছে। দেশের বিচার বিভাগ, প্রশাসন সব কিছুকেই তারা দলীয়করণ করেছে। এবারো ক্ষমতায় এসে একই কায়দায় দেশ চালাচ্ছে। এখন দেশে কোনো গণতান্ত্রিক সরকার আছে বলে মনে হয় না। তিনি বলেন, তারাই এই ৯০ শতাংশ মুসলমানের দেশে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলেছে। তারা সংবিধানে ধর্মহীনতার কথা বলে দেশকে অস্থিতিশীল করে তুলেছে।

দুর্নীতি এখন মহামারি আকার ধারণ করেছে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, দুর্নীতির কারণে একটি দেশ ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্রই এখন বাংলাদেশের বন্ধু নেই। যাকে (ভারত) বন্ধু রেখেছে তাকে সব কিছুই উজাড় করে দিয়ে দেয়া হচ্ছে। অথচ আমাদের সাথে তাদের ছিটমহল, তিস্তার পানি বণ্টন, টিপাই মুখে বাঁধসহ অনেক সমস্যারই সমাধান হয়নি। তিনি বলেন, এই সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ। এমন কোনো সেক্টর নেই যেখানে তারা দুর্নীতি করেনি। একদিন জনসম্মুখে এসব সম্পদের হিসেব দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, তার মন্ত্রী সভার সদস্যদের সম্পদের হিসেব দিবেন। কিন্তু এখনো দেয়া হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, তারা এতটাই দুর্নীতি করেছে যে এখন সম্পদের হিসেব দেয়া যাবে না। তারা এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। অবশ্যই তাদের এ অবৈধ সম্পদের হিসেব দিতে হবে।

নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তাকে দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করে এম কে আনোয়ার বলেন, খারাপ উদ্দেশেই প্রধানমন্ত্রী এ প্রস্তাব দিয়েছেন। এর আগে তিনিই এই দাবিতে লাগাতার হরতাল, অবরোধ, মানুষ হত্যা করেছেন। এখন কেন এটা এত খারাপ হয়ে গেল? তিনি বলেন, তত্ত্বাবধায়কের দাবি কেবল বিএনপির নয়। এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। বিএনপির একার পক্ষে এ নিয়ে সমঝোতা করার কোনো সুযোগ নেই। তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা যে নামেই দেন না কেন, আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। এই প্রস্তাবে রাজি থাকলেই আলোচনা হতে পারে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। তিনি ঈদের পরের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার আহবান জানান।