|
|
প্রথম আলোর বিভ্রান্তিকর প্রতিবেদনে মহানগরী জামায়াতের প্রতিবাদ
গত ১০ আগস্ট শুক্রবার দৈনিক প্রথম আলো পত্রিকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে ঢাকা মহানগরী আমীরের আহবান সম্বলিত বক্তব্য থেকে খন্ডিত অংশ তুলে ধরে যে প্রতিবেদন প্রকাশ করেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল।
বিবৃতিতে তিনি বলেন, দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে প্রতিবেদক ও বিশিষ্টজনদের মন্তব্য থেকে মনে হয়েছে মহানগরী আমীর প্রদত্ত বক্তব্যটির কিছু কিছু জায়গা থেকে খন্ডিত অংশ তুলে ধরার কারণেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বক্তব্যের যে সকল স্থানে আন্দোলন সংগ্রামের কথা বলা হয়েছে সেগুলো মূলত বর্তমান সরকারের জনগণের মৌলিক অধিকার হরণ, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কর্মকান্ডসহ অব্যাহত জুলুম নির্যাতনের বিরুদ্ধে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় সরকার বিরোধী চলমান আন্দোলনকে বেগবান করার কথাই বলা হয়েছে। আর জান মালের কোরবানী তথা নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের যে কথা বলা হয়েছে তা মূলত জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের নিজস্ব কোন বক্তব্য নয়। মুমিনদেরকে জানমালের কোরবানী দেয়ার কথা মহান আল্লাহ কুরআনের বহু স্থানেই বলেছেন।
তিনি আরো বলেন, প্রতিবেদক তার প্রতিবেদনে আত্মাহুতি দেয়ার প্রসঙ্গ এনেছেন অথচ পুরো বক্তব্যের কোথাও আত্মাহুতি শব্দটি নেই। এ ছাড়া প্রতিবেদনে কারার লৌহ কপাট ভাঙ্গার ব্যাপারে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা বহুল পরিচিত একটি রাজনৈতিক পরিভাষা মাত্র। কুরআন-হাদীস ও ইসলাম সম্পর্কে যথাযথ ধারণার অভাব থেকেই মূলত: কুরআন হাদীসের অপব্যাখ্যা করে উদ্দেশ্যমূলকভাবে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি মনে করেন, মহানগরী আমীর প্রদত্ত সংশ্লিষ্ট বক্তব্যটি পুরোপুরি পড়লেই সৃষ্ট বিভ্রান্তির অবসান হবে।
তিনি সংশ্লিষ্ট সকলকে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রতিবেদন তৈরী ও বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহবান জানান।

