|
|
হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার : মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে জিপিএ'র ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না-জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সরকারের স্বাস্থ্য সচিব ও শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, যদি কোনো প্রজ্ঞাপন জারি না হয়, তবে রুলের কার্যকারিতা থাকবে না। এ আদেশের পর।
এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট কোনো স্থগিতাদেশ দেননি। তাই ভর্তি কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ডঃ ইউনুস আলী আকন্দের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
রিট আবেদনের শুনানিতে সরকারি সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করা এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞাপন প্রকাশের নির্দেশনা চান ডঃ ইউনুস আলী আকন্দ। আদালত বলেন, সরকারি প্রজ্ঞাপন কোথায়? জবাবে ইউনুস আলী আকন্দ ভর্তির বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখান আদালতকে। এ সময় আদালত বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে কোনো আদেশ দিতে পারি না। প্রজ্ঞাপন আনুন।
এ সময় এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। কোনো প্রজ্ঞাপনও জারি হয়নি। তাই এ রিট চলতে পারে না।
এরপর আদালত রিট আবেদনটি ফেরত দিতে গেলে ইউনুস আলী বলেন, বুয়েট অচল হয়ে গেছে। মেডিকেলে ভর্তি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তিনি বলেন, দেশের ১০টি সাধারণ শিক্ষা বোর্ড ও একটি মাদরাসা বোর্ড আছে। এসব বোর্ডে পৃথক পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা হয়। তাই সকল পরীক্ষার্থীর মেধা একই মাপকাঠিতে নেয়ার সুযোগ নেই। জিপিএ'র ভিত্তিতে ভর্তি করা হলে মেধার যাচাই হবে না। এরপর আদালত রুল জারি করেন।
গত রোববার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেয়া হবে না। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ'র ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। সেজন্য এসএসসি ও এইচএসসিতে মিলে অন্তত ৮ জিপিএ থাকতে হবে। এরপরই রিট আবেদন করা হয়। বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ৭৫টি মেডিকেল কলেজ রয়েছে। সেখানে ৭ হাজার ৫৬টি আসন রয়েছে। এছাড়া বিডিএস কোর্সেও একহাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ আছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া ৯টি ‘পাবলিক' ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।

