Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 16 August 2012, ১ ভাদ্র ১৪১৯, ২৭ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৮৮ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের অবস্থান সনাক্ত হয়েছে- সৈয়দ আশরাফ

গভীর শোক ও শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা ও গভীর শ্রদ্ধায় গতকাল বুধবার স্বাধীন বাংলাদেশের স্থপতি, সাবেক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দেশব্যাপী শোকদিবস উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হয়। এবারের শোকদিবসে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানানো হয়েছে এই কর্মসূচি পালনকালে। জাতীয় শোকদিবসটি সরকারিভাবে পালনের পাশাপাশি আওয়ামী লীগসহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে। দলীয় কার্যালয়সমূহ এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা শোকের প্রতীক কালো পতাকায় ঢেকে দিয়েছে ঢাকার অলিগলি এবং দেশের প্রত্যন্ত এলাকায়। এছাড়া কুরআনখানি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন ছিল।

শোকদিবসে গতকাল সকাল সাড়ে ৬টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা পরে পুস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রেসিডিয়াম সদস্যসহ কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, সংসদ সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এরপর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইফ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সর্ব সাধারণের জন্য এলাকা উন্মুক্ত করা হলেও প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও সমমনা সংগঠনগুলো। নামে হাজারো মানুষের ঢল।

আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্তবক অর্পণ শেষে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনীদের অবস্থান সনাক্ত করা গেছে সময়মতোই তাদের দেশে ফিরিয়ে আনা হবে। সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনীরা যেখানেই থাকুক না কেন তাদের শনাক্ত করা হয়েছে। কোথায় আছে সেটাও আমরা জানি। সময় মতো তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং রায় কার্যকর করা হবে। এদিকে পুস্তবক অর্পণ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাদুঘরে কিছু সময় অতিবাহিত করেন। সকাল ৭টার দিকে বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্টে নিহতদের কবর জিয়ারত করেন। সকাল  ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাযারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শেখ রেহানা, মন্ত্রীপরিষদের সদস্যগণসহ  অন্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে দিনব্যাপী কুরআনখানি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জনতার ঢল নামে, সারিবদ্ধভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকাসহ সারাদেশে এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় আয়োজন করা হয় কাঙ্গালী ভোজের। বাংলাদেশ নৌ-বাহিনী শোকদিবসে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নৌ-বাহিনীর বিভিন্ন মসজিদে বিশেষ মিলাদের আয়োজন করে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, হকার্স লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু পরিষদ, শেখ রাসেল স্মৃতি সংসদ, ওলামা লীগ, বঙ্গবন্ধু একাডেমী, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বাংলা একাডেমী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, আইই এস স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।