|
|
গতকাল শুক্রবার জুমাতুল বিদার নামায শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও মুসলিম বিশ্বের জন্য মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। গতকাল ছিল পবিত্র রমযানের শেষ জুমা। তাই বিশ্বের মুসলমানরা এ দিনই জুমাতুল বিদা উদযাপন করেছে। জুমার নামাযে সকল মসজিদে মুসল্লীদের ঢল নেমেছে। মসজিদের বারান্দা, ছাদ ও আশপাশের রাস্তায় দাঁড়িয়ে মানুষ নামায আদায় করেছে। যে সকল মসজিদে মহিলাদের নামাযের ব্যবস্থা আছে, সে সকল মসজিদে মহিলাদের উপস্থিতিও ছিল বেশ।
পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে ছেলে, বুড়ো সকলেই জুমার নামাযে হাজির হয়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে রাস্তায়ও মুসল্লীদের সমাগম হয়েছে বেশ। জাতীয় মসজিদসহ রাজধানীর অন্য মসজিদ এবং সারা দেশের সকল মসজিদের চিত্রই ছিল একই রকম। নামায শেষে দোয়ায় দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়েছে। অনেকে চোখের পানি ফেলে জীবনের সকল পাপের ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। প্রত্যেকের সমস্যা সমাধানের জন্যও আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। পবিত্র রমযানে অনেকে কুরআন শরিফ খতম করেছেন। তাদের এ কুরআন খতম কবুল করার জন্যও দোয়া করা হয়েছে। খুতবায় রমযানের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় সম্পর্কে খতিবগণ আলোচনা করেছেন।

