Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 23 August 2012, 8 ভাদ্র ১৪১৯
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬১৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

দেশবাসীর দোয়া কামনা \ আল্লাহ যেন সরকারের জুলুম থেকে নেতৃবৃন্দকে মুক্তি দেন

মায়ের জানাযায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত কামারুজ্জামান

গতকাল বুধবার মিরপুর সাংবাদিক হাউজিং ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ইমামতিতে তার মায়ের নামাযে জানাযা অনুষ্ঠিত হয় -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : মায়ের জানাযায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। গতকাল বুধবার কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি। বিকেল চারটা ২৫ মিনিটে তাকে তিন ঘণ্টার জন্য মুক্তি দেয়া হয়। এই স্বল্প সময়ের মধ্যেই কামারুজ্জামান পুলিশ প্রহরায় কাশিমপুর কারাগার থেকে মিরপুরে এসে মায়ের জানাযায় অংশ নিয়ে পুনরায় কাশিমপুরের কারাগারে ফিরে যান। কারাগার থেকে মাত্র তিন ঘণ্টার জন্য মুক্তি পেয়ে মিরপুরে এসে তিনি তার মায়ের জানাযা নামাযে ইমামতি করেন।

জানাযা নামাযে অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ উল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি আফজাল হোসেন পলাশ, প্রবীণ সাংবাদিক বশির আহমেদ, শেখ এনামুল হক, হামিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, শহীদুল ইসলাম প্রমুখ সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক জানাযা নামাযে অংশ নেন।

গতকাল বুধবার সন্ধ্যায় ৬টার দিকে কামারুজ্জামান পুলিশী প্রহরায় রাজধানীর মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকায় আসেন। এরপর কিছুক্ষণ পর তিনি জানাযায় অংশ নেন এবং মায়ের জানাযায় ইমামতি করেন।

জানাযায় অংশ নিয়ে পরে তিনি বলেন, আমার হাতে এখন কোন সময়ই নেই। মাত্র তিন ঘণ্টার জন্য আমাকে সময় দেয়া হয়েছে।

সরকারের নির্দেশমতো এখনি আমাকে কাশিমপুর কারাগারে ফিরে যেতে হবে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আমার ওপর এবং বিশেষ করে জামায়াতের নেতৃবৃন্দের ওপর বর্তমান সরকার যেভাবে জুলুম আর নির্যাতন চালাচ্ছে আপনারা দোয়া করবেন এই জুলুম থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন।

উল্লেখ্য, জামায়াত নেতা কামারুজ্জামানের মা সালেহা খাতুন গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন। তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি পাঁচ ছেলে ও দু'মেয়েসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল কাশিমপুরের কারাধ্যক্ষ সুভাষচন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান, বুধবার সাড়ে তিনটার দিকে কারা কর্তৃপক্ষ কামারুজ্জামানের প্যারোলে মুক্তির ফ্যাক্স বার্তা পায়। পরে বিকেল চারটা ২৫ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়।

কথিত মানবতাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার মিথ্যা অভিযোগে গ্রেফতার হওয়া কামারুজ্জামান গত বছরের ২৪ জুন থেকে এ কাশিমপুর কারাগারে বন্দি আছেন। মায়ের জানাযা শেষে বুধবার সন্ধ্যা সাতটা ২৫ মিনিটের মধ্যে আবার তাকে ওই কারাগারে যাওয়ার নির্দেশনা দিয়ে দেয় কারাকর্তৃপক্ষ। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কামারুজ্জামানকে প্রিজন ভ্যানে করে জানাযায় অংশ নিতে বিপুল সংখ্যক পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

জানা গেছে, মরহুমার প্রথম নামাযে জানাযা গতকাল বুধবার মীরপুরে ও দ্বিতীয় নামাযে জানাযা আজ বৃহস্পতিবার শেরপুরে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।