|
|
এটিএম আজহারকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে ছাত্রশিবিরের বিক্ষোভ
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের গ্রেফতারের প্রতিবাদ ও নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে। মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একের পর এক জামায়াত নেতাদের পরিকল্পিতভাবে গ্রেফতারের মাধ্যমে সরকার ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এ ষড়যন্ত্র কোনভাবেই সফল হবে না।
ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ফকিরাপুল মোড় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমান, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নিজামুল হক নাঈম, কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসাইন, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মাসুদুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
নেতৃবৃন্দ বলেন, সরকার একের পর এক দেশ ও জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই জনসমর্থন হারিয়েছে। ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলাম বিরোধী আইন করার ধৃষ্টতা দেখিয়েছে। যুগের শ্রেষ্ঠ আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তথাকথিত যুদ্ধাপরাধ অভিযোগ এনে দেশের ইসলাম প্রিয় জনতাসহ সব মহলের কাছে ধিকৃত হয়েছে। সরকার তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে যে নাটক মঞ্চস্থ করছে জনগণের সামনে তা দিবালোকের মত স্পস্ট। অবিলম্বে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ কারারুদ্ধ নেতৃবৃন্দকে মুক্তি না দিলে ছাত্রশিবির এ দেশের ছাত্রজনতাকে সাথে নিয়ে জালিম সরকারের পতন নিশ্চিত করবে।
চট্টগ্রাম মহানগরী : ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মহিউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর উত্তর ছাত্রশিবির সেক্রেটারি মাসরুর হোসাইন, দক্ষিণ সেক্রেটারি এম এইচ সোহেল প্রমুখ। নগরীর বিআরটিএ মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি স্টেশন রোড হয়ে কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়।
সভাপতি মহিউদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১১ মাস ২৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান। মুক্তির পর থেকেই তাকে গৃহবন্দী করে রেখে আওয়ামী সরকার যে মানবতা বিরোধী অপরাধ করেছে তা কখনো ক্ষমার যোগ্য নয়। তিনি বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে আওয়ামী সরকার দেশের জনগণকে ভিন্নমুখী করার ষড়যন্ত্র হিসেবে জামায়াতের এক এক করে সকল নেতাকে যুদ্ধাপরাধ তথা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িয়ে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার সকল অপতৎপরতা জনগণ রুখে দাঁড়াবে।
খুলনা অফিস : ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা গতকাল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। নগরীর ময়লাপোতা মোড় হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগরী সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, খুলনা জেলা উত্তর সভাপতি শাহাদাৎ হোসেন সোহেল, সেক্রেটারি গাজী মহিউদ্দিন পারভেজ, মহানগরী দফতর সম্পাদক নাজমুল হোসাইন নাঈম, অর্থ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ ইমরান খালিদ, ছাত্রকল্যাণ সম্পাদক মুঃ মহিউল ইসলাম মাহি, শিক্ষা সম্পাদক আহমেদ সাবিত, এইচ আরডি সম্পাদক মোঃ হাদিসুর রহমান, বিএল কলেজ সভাপতি এ কে এম তানজিল, সমাজসেবা সম্পাদক আলী আজগর মোঃ তাসনীম, পাঠাগার সম্পাদক হুমায়ুন কবির, সদর পশ্চিম সভাপতি হাফেজ শেখ ইমরান হোসাইন তুহিন, আবু বকর সিদ্দিক, মুহাম্মদ আব্দুর রব, সাদিকুর রহমান প্রমুখ।
রাজশাহী অফিস : জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখা গতকাল দুপুরে নগরীর রানীবাজার থেকে মিছিল শুরু হয়ে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সামনে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম ইমন ও রাজশাহী মহানগর শিবির সেক্রেটারি আনোয়ার হোসেন। বক্তারা বলেন, সরকার বিরোধী দলকে দমন করতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে মানবতাবিরোধী অপরাধের ধোঁয়া তুলে একের পর এক জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেফতার করছে। অবিলম্বে জামায়াত নেতা আজহারসহ সকল নেতৃবৃন্দকে মুক্তি না দিলে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তাদের মুক্ত করা হবে।
কুমিল্লা অফিস : গতকাল কুমিল্লা মহানগরী শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগরী শিবির সভাপতি কামরুজ্জামান সোহেলের নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি ইসরাঈল মজুমদার, উত্তর জেলা সভাপতি লুৎফুর রহমান খান মাসুম, মহানগরী সেক্রেটারি মনির আহম্মেদ, অর্থ সম্পাদক শাহ আলম, স্কুল কার্যক্রম সম্পাদক আব্দুল মোতালেব মজুমদার, দফতর সম্পাদক কামাল হোসেন, এইচআরডি সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রব ফারুকী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শিবির নেতা শাহাদাৎ হোসাইন, তারেক আহম্মেদ সিদ্দিকী, আবুল কালাম রাসেল, জামাল আহম্মেদ মোল্লা ও শহীদুল ইসলাম রাসেল।
দিনাজপুর অফিস : গতকাল বিকালে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশ শেষে শিবির সন্দেহে ৪ জনকে আটক করে দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশ। দিনাজপুর শহর শিবিরের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রহমান ভূট্টো। বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর তৈয়ব আলী প্রমুখ।
এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শহরের ষষ্টিতলা মোড় থেকে শিবির সন্দেহে ৪ জনকে আটক করেছে কোতোয়ালী পুলিশ। আটককৃতরা হলো- আজাদ, রজব আলী, আতিকুর রহমান ও নাজমুল ইসলাম। তাদেরকে কোতোয়ালী থানা হেফাজতে রাখা হয়েছে।
অন্যদিকে সহস্রাধিক ছাত্র-জনতার অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণকালে শহরবাসীর মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। সবাই হাত নেড়ে ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাতে থাকে। দীর্ঘদিন পর হলেও এমন ব্যাপক বিক্ষোভে কর্মীদের মাঝেও ফিরে আসে নতুন প্রাণ। বর্তমান জালিম ও স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে এমন বিক্ষোভ এখন খুবই প্রয়োজন বলে মনে করছেন শহরবাসী ও কর্মীরা।
বরিশাল অফিস : বরিশাল মহানগর শিবিরের উদ্যোগে গতকাল দুপুর আড়াইটায় নগরীর চকবাজারে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন শিবির বরিশাল মহানগরীরর সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি মোঃ সোহরাব হোসেন, জেলা পূর্ব সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মহানগর সেক্রেটারি আব্দুল্লাহ আল নাহিয়ান, অর্থ সম্পদক মোঃ আঃ রহিম প্রমুখ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চকেরপুলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সাতক্ষীরা সংবাদদাতা : ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে কোর্ট মোড়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। এতে সভাপতিত্ব করেন শহর সেক্রেটারি মুহাঃ রোকনুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাঃ রুহুল আমিন। বিক্ষোভ সভায় মুহাঃ সাঈদ আল শোইয়েব, মেহেদী হাসান, হযরত আলী, জাহিদুল বাশার, বক্তব্য রাখেন।
জয়পুরহাট সংবাদদাতা : ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি জয়পুরহাট শহরের বাটার মোড় থেকে শুরু হয়ে নতুনহাট চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা সভাপতি আসলাম হোসেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, শহর সভাপতি আব্দুর রহিম, সদর সভাপতি শামীম মন্ডল, রাজশাহী মহানগরী সহ-অফিস সম্পাদক আব্দুল বাতেন, সাবেক ছাত্রনেতা খিজির হায়াৎ প্রমুখ।
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে গতকাল দুপুরে শহর সভাপতি হাফেজ মোখলেছুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের চামড়াপট্টি থেকে শুরু করে গোসালা রেলগেটে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন জেলা সভাপতি হাফেজ আবু তালেব, শাহাদাত হোসেন, সোলায়মান হোসেন প্রমুখ।
বগুড়া শহর : বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শহর সভাপতি হেদাইতুল ইসলামের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন শহর শিবিরের সেক্রেটারি মোঃ আলাউদ্দিন সোহেল, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাবিবর শাহরিয়ার শুভ, শিক্ষা সম্পাদক জুয়েল সরকার, ডাঃ আব্দুস সামাদ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক এনামুল হক রানা প্রমুখ।

