Quantcast
ঢাকা, শুক্রবার 24 August 2012, ৫ ভাদ্র ১৪১৯
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৩৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

বিভিন্ন সংগঠনের নিন্দা ও শোক

মহাখালীতে ডাক্তার খুন

গত বুধবার রাতে নিজ বাসায় সন্ত্রাসীদের হাতে খুন হন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য ডা. নারায়ন চন্দ্র নিতাই এবং স্বজনদের আহাজারি। (ইনসেটে নিহতের ছবি) -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানী থানার মহাখালীতে সরকারি বাসভবনে ডাকাতের ছুরিকাঘাতে খুন হয়েছেন বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই (৪৭)। তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর নির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাশখালী উপজেলার কালিপুরের ইজ্জতপুরে। এ ঘটনায় বনানী থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করেছে। ডা. নারায়ণের খুনীদের গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক পুলিশকে নির্দেশ প্রদান করেছেন। রাজধানীর কয়েক স্থানে শ্রদ্ধা জানানোর পর তার লাশ সৎকারের জন্য চট্টগ্রামের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বনানী থানায় তার পিতা তরিৎ কান্তি দত্ত বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বনানী থানা পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের ক্যাম্পাসে ডাক্তারদের জন্য নির্মিত আবাসিক ভবনের ডব্লিউ-২ ভবনে বসবাস করতেন ডা. নারায়ণ। দ্বিতল ভবনটির নীচ তলায় থাকতেন তার পিতা-মাতা। দোতলায় থাকতেন তিনি ও তার স্ত্রী ডা. লাকী দত্ত। দেড় বছর পূর্বে তাদের বিয়ে হয়। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যান লাকী দত্ত। প্রতিদিনের মতো বুধবার রাতেও পিতা-মাতার সাথে রাতের খাবার খেয়ে দোতলায় ঘুমাতে যান ডা. নারায়ণ। শেষ রাতের দিকে একদল ডাকাত দোতলার জানালার গ্রিল কেটে ডা. নারায়ণের রুমে ঢুকে পড়ে। সম্ভবত এ ঘটনা তিনি টের পেয়ে যান। এতে ডাকাত দল তাকে বিছানার ওপর মশারীর ভেতর চেপে ধরে ছুরিকাঘাত করে। ডাকাতদের ছুরিকাঘাতে মাথার পেছনে ঘাড়ের ওপর কান বরাবর ৫ ইঞ্চি কাটা এবং বুকের ডান পাশে আড়াআড়িভাবে দেড় ইঞ্চি জখমের সৃষ্টি হয়। ছুরিকাঘাতের পর ডাকাত দল পালিয়ে যায়। ছুরিকাঘাতে গুরুতর আহত ডা. নারায়ণের গোঙ্গানির শব্দে নীচতলা থেকে পিতা-মাতা উপরে উঠে চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটেছে। বনানী থানায় খবর দেয়া হলে পুলিশের এসআই ইমদাদুল ইসলাম তৈয়ব গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বক্ষব্যাধি হাসপাতালের আইসিইউ থেকে তার লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরির পর লাশটি ঢামেক হাসপাতালে নিয়ে যায়। বেলা পৌনে দু'টায় ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনরা নিয়ে যায়।

ডা. নারায়ণ খুন হওয়ার খবর শুনে তার সহকর্মী ও শতাধিক ডাক্তার ঢামেক মর্গে ছুটে যান। তারা সেখানে বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্বাচিপের মহাসচিব ডা. ইকবাল আরসালান বলেন, পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। এই খুনের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বনানী থানার ডিউটি অফিসার পিএসআই কালাম সরকার গতকাল বিকেলে জানান, ডা. নারায়ণের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ডাকাতীর উদ্দেশেই তার ঘরে ঢুকে। তবে ডা. নারায়ণ সেটা টের পেয়ে যাওয়ায় তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। তার ঘরের জিনিসপত্র এলোমেলো ছিল। তবে কিছু খোয়া গেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করেছে। তিনি জানান, ডা. নারায়ণের খুনীদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে।

ডাকাতের হাতে নিহত বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) নির্বাহী সদস্য ও রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাইয়ের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় এ খুনের ঘটনায় জড়িতদের শিগগির গ্রেফতার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও শিগগির গ্রেফতার করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় নিহত চিকিৎসকদের লাশ বিএমএ কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের ডাক্তাররা। দুপুরে পৌনে ১টায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সাহারা খাতুন ডা. নারায়ণের লাশের ওপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ডাক্তাররা দাবি করেন, আগামী ২৪ ঘণ্টার ভেতরে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আগামীকাল শনিবার থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন, ‘‘এর মধ্যেই দু'জনকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। আশা করছি, খুব শিগগিরই অন্যান্য খুনীকে গ্রেফতার করা হবে।’’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘এ হত্যাকান্ড খুবই দুঃখজনক। তিনি সাত বছর আমাদের সঙ্গে রাজপথে সংগ্রাম করেছেন। আমি এ হত্যাকান্ডের বিচারের দাবি করছি। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা পাব বলে আশা করছি।’’

ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাইয়ের লাশে আরো শ্রদ্ধা জানান চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আরসলান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. শরীফ আহমেদ, যুগ্ম-সম্পাদক ডা. আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ ডা. এহসানুল হক জগলুল প্রমুখ। ডাক্তারদের শ্রদ্ধা জানানোর পর লাশ বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর লাশ রাখা হয় হাসপাতাল সংলগ্ন ডক্টরস কোয়ার্টারে তার বাসভবনের সামনে। সেখান থেকে তার নিজ গ্রাম চট্টগ্রামের বাঁশখালীতে নিয়ে যাওয়া হয়।

ড্যাবের শোক : বিএমএ'র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও রেসপিরেটরী মেডিসিন বিভাগ, বক্ষব্যাধি হাসপাতাল, মহাখালী, ঢাকা-এর সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই) নিজ বাসায় নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব তীব্র নিন্দা ও ক্ষোভ জানান এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নিকট এই হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তার পিতা-মাতা ও স্ত্রীসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বাচিপ : বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রাক্তন সভাপতি ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই তার সরকারি বাসভবনে দুষ্কৃতকারীর হাতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি এবং মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আরসলান গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় তার বিদেহী আত্মার পারলৌকিক শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গুলশান লেক থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার : গুলশান-২ এর শাহাবুদ্দিন পার্ক সংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক কিশোরের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

লাশ উদ্ধার করা গুলশান থানার এসআই কাজী রবিউল ইসলাম জানান, স্থানীয় নিরাপত্তাকর্মী ইদ্রিস আলী লেকে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরনে ছিল জিন্স প্যান্ট। লাশের গলায় আঘাতের চিহ্ন ও নাকে রক্তের দাগ ছিল। তাকে মেরে লেকে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।