|
|
আলী হায়দার তালুকদার, ঝালকাঠি : লিমন ইস্যুতে বাংলার ঘরে ঘরে আন্দোলনের হুমকি দিয়েছে মানবাধিকার ও সুশীল সমাজের জাতীয় নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকালে র্যাবের গুলীতে পা হারানো লিমনের পক্ষে আইনী ও বাঁচার পক্ষে অনুষ্ঠিত মানববন্ধনকালে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। বৃহস্পতিবার নেতৃবৃন্দ লিমনের বাড়ি ও ঘটনাস্থলে লোকজনের সাথে কথা বলেন ২১ সদস্যের ঐ টিম। পরে সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্ঠাব্যাপী মানববন্ধন করেন। এতে জেলার নাগরিক সংগঠনসহ মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। দুপুরে জেলার ঊর্ধ্বতন প্রশাসনের সাথে আলোচনাসহ দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেন আইন ও শালিস কেন্দ্রের সভাপতি ড. হামিদা হোসেন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, অবসরপ্রাপ্ত বিচারক ও ব্লাষ্ট্রের রেজাউল করিম, জাহা্ঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আনোয়ারুল্লাহ ভূইয়া তপন, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আব্দুল্লাহ আল মামুন, কবি সঙ্গীত শিল্পী লেখক অরুপ রাহী, গণসংহতির সমন্বয়কারী জোনায়েদ সাকী, জাবির সরকার ও রাজনীতিবিদ বিভাগের অধ্যাপক নাসিমা আখতার হোসাইন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম জেলা সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, পিরোজপুর সভাপতি রফিকুল ইসলাম মান্না, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সচেতন নাগরিক সমাজের আহবায়ক কাজী শফিকুল ইসলাম, স্থানীয় সমন্বয়কারী ও জাবির অধ্যাপক মাসউদ ইমরান মান্নু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আককাস সিকদার।
বৃহস্পতিবার সকালে প্রতিনিধি দল ঢাকা থেকে লঞ্চ যোগে ঝালকাঠি এসে সাড়ে ৮টার দিকে লিমনের গ্রামের বাড়ি রাজাপুরের নৈকাঠিতে যান। সেখানে লিমন ও এলাকাবাসীর সাথে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। সকাল ১১টায় লিমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন। বেলা ১২ টার পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার মজিদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন। পরে আদালত চত্বরে গিয়ে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিকেল ৪টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে ঝালকাঠির সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিগণের সাথে মতবিনিময় করেন।

