Quantcast
ঢাকা, রোববার 2 September 2012, ১৮ ভাদ্র ১৪১৯, ১৪ শাওয়াল ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের দুর্ভোগ আরো বাড়বে

স্টাফ রিপোর্টার : আবারো বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। এতে সকল পণ্যের মূল্যবৃদ্ধি হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা দক্ষিণ বিভাগের উদ্যোগে জেলা সভাপতি/সেক্রেটারিদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ বিভাগ সভাপতি মোহাম্মদ উল্লাহ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর জেলার সভাপতি মনসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডভোকেট আব্দুল কাদের, ঢাকা দক্ষিণ জেলা সভাপতি দেওয়ান শহিদুজ্জামান, মুনসিগঞ্জ জেলা সভাপতি শামীম মোল্লা, মানিকগঞ্জ জেলা সভাপতি আবু তাহের খান প্রমুখ। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশ আজ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। দেশে আইনশৃংখলা পরিস্থিতি চরম আকার ধারণ করছে। সরকার বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে নিঃস্ব দরিদ্র মানুষকে দিশেহারা করে ফেলেছে। সরকারের পুনরায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত খেটে খাওয়া মানুষের বুকের ওপর ছুরি চালানোর সামিল।

তিনি বলে, বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের জীবনও আজ হুমকির মুখে পড়েছে। সরকারি ছত্রছায়ায় গুম ও অপহরণ অব্যাহতভাবে চলছে। এমনতর মুহূর্তে দ্বীনি আন্দোলনের কোন নেতা-কর্মীর নীরব দর্শকের ভূমিকা পালন করা ঈমানের বিপরীত কাজ। তিনি শ্রমিক কল্যাণ ফেরডারেশনের সকল দায়িত্বশীলকে তাকওয়া অর্জনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান।

তিনি আরো বলেন, মিথ্যা মামলায় জড়িয়ে দেশের তথা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করে প্রহসনের বিচার করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার গভীর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, পৃথিবীর মুসলিম দেশগুলো থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ভারত নির্ভর করার জন্য ভারতীয় এজন্ডা বাস্তবায়নের পক্ষে এ সরকার কাজ করছে। তিনি এসব অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

বাংলাদেশ ন্যাপ

আরেক দফা মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাপ বিভিন্ন জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেছেন, মূল্যবৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করতে হবে। দুর্নীতির সাথে জড়িত দুর্নীতিবাজদের বিচার করতে হবে। ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, জনমত উপেক্ষা করে বার বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশবাসীর সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। বর্তমান সরকার ৬ষ্ঠ বারের মত বিদ্যুতের মূল্য বদ্ধির মাধ্যমে জনগণকে অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। তিনি অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে গত পাঁচ মাসে জনগণের কাছ থেকে নেয়া ৪০০ কোটি টাকা পরবর্তী বিলের সাথে সমন্বয় করে নৈতিক দায়িত্ব পালনের আহবান জানান।

তিনি গতকাল শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। নগর সাধারণ সম্পাদক শহীদুন্নবী ডাবলু'র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব স্বপন কুমার সাহা, মিসেস শান্তা আক্তার, দফতর সম্পাদক নুরুল আমান চৌধুরী টিটো, সাংগঠনিক সম্পাদক শাহীন বাবু, অর্থ সম্পাদক আহসান হাবিব খাজা প্রমুখ।

ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিদ্যুৎ ও ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে জনগণকে চরম দুর্ভোগে ফেলবে। সরকারের লুটের টাকার সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ, ভোজ্য তেল, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বার বার বৃদ্ধি করে জনগণকে দুর্ভোগে ফেলছে। নিম্ন ও মধ্যবিত্তের লোকের কথা চিন্তা কেউ করেন না। বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাতে মানুষ না খেয়ে ও অর্ধাহারে থাকা ছাড়া কোন উপায় নেই।

পীর সাহেব চরমোনাই গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, সরকার ২ মাসের ব্যবধানে যে হারে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে তাতে জনগণকে বাড়ি-ঘর বিক্রি করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। তিনি সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আহবান জানান। অপর এক বিবৃতিতে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।